সম্পর্কে অস্বস্তি তৈরি হওয়ায় ব্যবসায়ী যোগাযোগ বন্ধ করে দিতে চাইলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। অভিযোগ, অভিযুক্ত যুবতী তখন ৫০ লক্ষ টাকা দেওয়ার জন্য চাপ দিতে শুরু করেন।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 24 October 2025 16:52
দ্য ওয়াল ব্যুরো: এক পানশালার গায়িকা ও নৃত্যশিল্পীর সঙ্গে প্রেমের (Love Affair) সঙ্গে জড়িয়ে পড়েছিলেন বেহালার (Behala) এক ব্যবসায়ী (Businessman)। কিন্তু সেই সম্পর্ক নিয়েছে সম্পূর্ণ অন্য মোড়। তরুণীর বিরুদ্ধে ব্ল্যাকমেল করে টাকা আদায়ের অভিযোগ এনেছেন ওই ব্যবসায়ী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর ব্ল্যাকমেল (Blackmail) করে ৫০ লক্ষ টাকা আদায়ের চেষ্টা করা হয়েছে! এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন ওই ব্যবসায়ী। বেহালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
পুলিশ (Kolkata Police) সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে শহরের এক পানশালায় ওই গায়িকার সঙ্গে ব্যবসায়ীর আলাপ হয়। ধীরে ধীরে সম্পর্ক ঘনিষ্ঠ হয় তাঁদের। একসঙ্গে ঘোরাঘুরিও করেন। কিন্তু কিছুদিন পর থেকেই আর্থিক টানাপোড়েন শুরু হয়। ব্যবসায়ীর অভিযোগ, সেই সময় থেকেই ওই গায়িকা তাঁর কাছে টাকার দাবি করতে শুরু করেন।
সম্পর্কে অস্বস্তি তৈরি হওয়ায় ব্যবসায়ী যোগাযোগ বন্ধ করে দিতে চাইলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। অভিযোগ, অভিযুক্ত যুবতী তখন ৫০ লক্ষ টাকা দেওয়ার জন্য চাপ দিতে শুরু করেন। ব্যবসায়ীর দাবি, টাকা না দিলে তাঁর ব্যক্তিগত ছবি ও ভিডিও পরিবারের সদস্য ও পরিচিতদের কাছে পাঠিয়ে দেবেন বলে হুমকি দেন ওই গায়িকা। এছাড়াও, তিনি নাকি ভয় দেখান যে, টাকা না দিলে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করবেন। পরিস্থিতি চরমে পৌঁছনোর পর অবশেষে পুলিশের কাছে যান ব্যবসায়ী।
বেহালা থানার সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে ওই গায়িকার মোবাইল ফোন ও ল্যাপটপের ডিজিটাল প্রমাণ সংগ্রহের কাজ চলছে। পাশাপাশি, ব্যবসায়ীর ফোনের তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, সম্পর্কের সুযোগ নিয়েই অর্থ আদায়ের চেষ্টা হয়েছিল। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।