রুমের বক্স খাট থেকে দেহ খুঁজে পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। নাম-পরিচয় এখনও জানা যায়নি বলেই খবর।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 24 October 2025 14:56
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার পার্ক স্ট্রিটের এক হোটেল থেকে উদ্ধার হল যুবকের দেহ। হোটেলের রুমেই তাঁকে খুন করা হয়েছে, অনুমান পুলিশের। প্রমাণ লোপাট করতে খুনের পর বক্স খাটে লুকিয়ে রাখা হয় দেহ।
পার্ক স্ট্রিটের রফি আহমেদ কিদওয়াই রোডে আল বুর্জ ইন্টারন্যাশনাল নামের এক হোটেলে ঘটনাটি ঘটেছে। রেজিস্টারে নাম-ঠিকানা নথিভুক্ত থাকায় যুবকের পরিচয় জানা গেলেও তদন্তের স্বার্থে তা গোপন রাখা হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, হোটেলের তিন তলার একটি রুমে থাকছিলেন ওই যুবক। ঘটনাটি প্রথমে নজরে আসে হোটেলের কর্মীদের। বারবার ডাকা সত্ত্বেও কোনও সাড়া না মেলায় সন্দেহ হয় তাঁদের। দরজা লক করা ছিল। দরজা ভেঙে দেখা যায়, খুন করার পর বক্স খাটে লুকিয়ে রাখা হয়েছে ওই যুবকের দেহ। হোটেলের তরফে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে ১টা নাগাদ দেহ উদ্ধার করে। ইতিমধ্যে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে পৌঁছেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ এবং লালবাজার হোমসাইড শাখার আধিকারিকরা। ফিঙ্গারপ্রিন্ট-সহ আরও নানা তথ্য ইতিমধ্যেই সংগ্রহ করেছেন তাঁরা।
পুলিশ সূত্রে খবর, শরীরে বেশ অনেক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পরই তা স্পষ্ট হবে। তদন্তের স্বার্থে আপাতত অনেক তথ্যই গোপন রাখা হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট, নেপয়া হয়েছে।
তিনি কবে থেকে ওই হোটেলে এসে থাকছিলেন, তাঁর সঙ্গে কে কে ছিলেন, কার কার সঙ্গে তিনি দেখা করেছিলেন সেই সব কিছু জানার চেষ্টা করছে পুলিশ। হোটেলের বিভিন্ন তলায় সিসিটিভি ক্যামেরা রয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সেই ফুটেজও।