পুলিশের প্রাথমিক অনুমান, জাল নথি বানিয়ে দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছিল ওই যুবক। তবে কীভাবে ভারতীয় পাসপোর্ট পেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

ফাইল ছবি।
শেষ আপডেট: 8 August 2025 15:21
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় পাসপোর্টে ভর করে বিদেশে পাড়ি দেওয়ার ফন্দি। কিন্তু শেষ রক্ষা হল না। কলকাতা বিমানবন্দরের (Kolkata Airport) অভিবাসন দফতরের তৎপরতায় ধরা পড়ল এক বাংলাদেশি নাগরিক (Bangladeshi Youth)। বৃহস্পতিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ( Fake Identity)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সৌমিক বড়ুয়া। বাংলাদেশি পাসপোর্টে তাঁর নাম সৌমিক বড়ুয়া হলেও, ভারতে তিনি বিভাষ রায় নামে পরিচয় দিয়ে পাসপোর্ট সংগ্রহ করেছিলেন। সেই নকল পরিচয়পত্র নিয়েই জার্মানি যাওয়ার চেষ্টা করছিলেন অভিযুক্ত।
বিমানবন্দরে ইমিগ্রেশন চেকিংয়ের সময়ই ধরা পড়ে অসঙ্গতি। দেখা যায়, একই ব্যক্তির দুটি পাসপোর্ট—একটি বাংলাদেশি, অন্যটি ভারতীয়। দুই নথিতে আলাদা নাম। সঙ্গে সঙ্গেই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। কিন্তু তদন্তকারীদের প্রশ্নের সদুত্তর দিতে ব্যর্থ হন অভিযুক্ত। এরপর তাঁকে এনএসসিবিআই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
শুক্রবার ধৃতকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। পুলিশের প্রাথমিক অনুমান, জাল নথি বানিয়ে দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছিল ওই যুবক। তবে কীভাবে ভারতীয় পাসপোর্ট পেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।