শিশু চুরির এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। তদন্তে নেমে পুলিশ খতিয়ে দেখছে সিসিটিভি ফুটেজ, সম্ভাব্য পালানোর পথ—সবই।

এআই ছবি।
শেষ আপডেট: 17 November 2025 20:37
দ্য ওয়াল ব্যুরো: মফস্বল নয়, এবার খাস কলকাতার সরকারি হাসপাতালেশিশু চুরির ঘটনা (Baby Stolen)! সোমবার সকালে বিসি রায় শিশু হাসপাতালে (BC RAY Hospital) ঘটে গেল দুঃসাহসিক অপহরণ। অভিযোগের তির সদ্য আলাপ হওয়া এক যুবতীর দিকে। শিশুটি ও অভিযুক্তকে খুঁজতে ইতিমধ্যেই তৎপর পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার হাড়োয়ার বাসিন্দা মঞ্জিলা খাতুন নিজের ছ’মাসের শিশুপুত্রকে (six month old baby) নিয়ে সোমবার সকালে কেবি–২২ বাসে করে হাসপাতালে আসছিলেন। বাসে ভিড় বেশ চাপে। সেই কারণেই এক অপরিচিতা যুবতী মঞ্জিলার কোলে থাকা শিশুটিকে নিয়ে নিজের কোলে বসেন। কথাবার্তার সূত্রে অল্প সময়েই বেশ ঘনিষ্ঠতা তৈরি হয় দু’জনের। করুণাময়ী বাসস্ট্যান্ডে নেমে দু’জনে একই অটোয় চেপে হাসপাতালে পৌঁছনোর কথাও জানান মঞ্জিলা।
হাসপাতালে পৌঁছে ছেলেকে চিকিৎসকের দেখানো, ওষুধ লেখা—সবই চলে স্বাভাবিক নিয়মেই। তারপরেই ঘটে বিপত্তি। ‘নতুন বান্ধবী’ ওই যুবতী জানান, ওষুধ আনতে গেলে তিনি শিশুটিকে কোলে করে দেখবেন। তাতে আশ্বস্ত হয়ে ওষুধ কিনতে বেরোন মঞ্জিলা। কিন্তু ফিরে এসে দেখেন—শিশু নেই, নারী নেই, কোথাও কাউকে দেখা যাচ্ছে না! মুহূর্তে ভেঙে পড়েন তিনি।
ঘটনার পরেই ফুলবাগান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মঞ্জিলা। ভারতীয় দণ্ডবিধির (ভারতীয় ন্যায় সংহিতা) একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। শিশুটিকে উদ্ধারে শুরু হয়েছে জোর তল্লাশি। অভিযুক্ত যুবতীর খোঁজেও নেমেছে তদন্তকারী দল।
শিশু চুরির এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। তদন্তে নেমে পুলিশ খতিয়ে দেখছে সিসিটিভি ফুটেজ, সম্ভাব্য পালানোর পথ—সবই। মা শুধু চাইছেন একটাই, পুলিশ যেন কোলের সন্তানকে কোলে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে।