অখিলেশের দাবি, এসআইআর (SIR West Bengal) আসলে এনআরসিরই অন্য রূপ। তাঁর কথায়, “এত দিন ভোট চুরির অভিযোগ তোলা হচ্ছিল। কিন্তু দিদি ডিজিটাল ভোট চুরি রুখে দিয়েছেন।”

অখিলেশ যাদব ও মমতা বন্দ্যোপাধ্যায়, ফাইল ছবি
শেষ আপডেট: 27 January 2026 15:38
দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী জানান, অখিলেশ যাদবের কাজের প্রশংসা করেন তিনি। মমতার কথায়, “অখিলেশ দারুণ কাজ করছে। ওর আগামীর জন্য শুভকামনা রইল।”

এর পরেই বিজেপিকে আক্রমণ করেন অখিলেশ যাদব। তাঁর অভিযোগ, বিজেপির বিরুদ্ধে কার্যত একাই লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিজেপি নানা ভাবে সমস্যা তৈরি করছে। বাংলায় এসআইআর চালু করা হয়েছে। বেশি মানুষ যাতে ভোট দিতে পারেন, সেই লক্ষ্য না রেখে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে।”
অখিলেশের দাবি, এসআইআর (SIR West Bengal) আসলে এনআরসিরই অন্য রূপ। তাঁর কথায়, “এত দিন ভোট চুরির অভিযোগ তোলা হচ্ছিল। কিন্তু দিদি ডিজিটাল ভোট চুরি রুখে দিয়েছেন।” পাশাপাশি মহারাষ্ট্রের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, “মহারাষ্ট্রে ইডি, সিবিআই, আয়কর দফতরকে কাজে লাগিয়ে জয় পেয়েছে বিজেপি।”

বিজেপির বিরুদ্ধে বিরোধী ঐক্যের বার্তাই এ দিনের সাক্ষাৎ থেকে উঠে এল বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
বস্তুত, সোমবার সস্ত্রীক কলকাতায় পৌঁছন অখিলেশ যাদব (Akhilesh Yadav)। মঙ্গলবার অর্থাৎ আজ শহরে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। সেই উপলক্ষেই এই সফর। তাঁর আগমন নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছিলই, এই সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে তাঁর কোনও বৈঠক হয় কি না। সেই জল্পনা সত্যি করে দিয়ে মঙ্গলবার সকালেই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন অখিলেশ।

সোমবার কলকাতা বিমানবন্দরে নামার পরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অখিলেশ যাদব। চিরাচরিত ভঙ্গিতেই বিজেপি (BJP) ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তিনি। সাম্প্রতিক রাজনৈতিক বিতর্ক টেনে তিনি কটাক্ষ করেন কেন্দ্রীয় শাসক দলকে। তাঁর বক্তব্যে উঠে আসে আইপ্যাক-ইডি অভিযানের (I-PAC ED Raid) পেনড্রাইভ বিতর্ক থেকে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা। অখিলেশের মন্তব্য, বিজেপি এখনও পেনড্রাইভের ‘পেইন’ ভুলতে পারেনি; আর বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডিকে (ED) পরাস্ত করেছেন, এই বাস্তবতা মেনে নিতে পারছে না গেরুয়া শিবির।
এই প্রসঙ্গ টেনেই তিনি বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নিজের মত স্পষ্ট করে দেন। অখিলেশ যাদবের দাবি, পশ্চিমবঙ্গে বিজেপির পরাজয় (West Bengal Elections 2026) এখন সময়ের অপেক্ষা মাত্র। তাঁর কথায়, বিজেপি নিজেই জানে যে তারা এই রাজ্যে জিততে পারবে না। তাই এখন তাদের একমাত্র লক্ষ্য, সম্মানের সঙ্গে হার স্বীকার করা। অখিলেশের মন্তব্যে স্পষ্ট, বাংলার ভোটের অঙ্কে বিজেপির ভবিষ্যৎ নিয়ে তিনি কোনও সংশয় দেখছেন না।