ফের বিভ্রাট, ফের অফিস টাইমে দুর্ভোগ! মেট্রো বন্ধ হওয়ায় বিপত্তিতে কলকাতা মেট্রোর নিত্যযাত্রীরা।

মেট্রোয় ফের বিভ্রাট - ফাইল ছবি
শেষ আপডেট: 20 August 2025 12:10
দ্য ওয়াল ব্যুরো: ফের বিভ্রাট, ফের অফিস টাইমে দুর্ভোগ! মেট্রো বন্ধ হওয়ায় বিপত্তিতে কলকাতা মেট্রোর (Kolkata Metro) নিত্যযাত্রীরা। যতীন দাস পার্ক (Jatin Das Park) এবং নেতাজি ভবনের (Netaji Bhavan) মাঝখানে মেট্রো লাইনে জল জমে যাওয়ায় আপাতত বন্ধ মেট্রো চলাচল।
শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর লাইনে সকাল থেকে বারবার মেট্রো দাঁড়িয়ে থাকার অভিযোগ উঠেছিল। পরে স্টেশনগুলিতে মাইকে বারবার জানানো হয়, আপাতত ওই রুটে মেট্রো চলাচল সম্ভব নয়। পরিস্থিতি স্বাভাবিক হতে কতটা সময় লাগবে, তা নিয়েও এখনও পর্যন্ত কোনও সুনির্দিষ্ট তথ্য মেলেনি।
অফিস টাইমে হঠাৎ ট্রেন থেমে যাওয়ায় বা দীর্ঘক্ষণ মেট্রো না পেয়ে যাত্রীদের চরম সমস্যায় পড়তে হয়েছে। তবে এই ঘটনা একদমই নতুন নয়। এর আগেও চলতি বর্ষায় একাধিকবার ট্র্যাকে জল জমে থমকে গেছে মেট্রো।
কদিন আগে নোয়াপাড়া মেট্রো স্টেশনে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটের জেরে দীর্ঘ ৪০ মিনিট বন্ধ ছিল শহিদ ক্ষুদিরামগামী মেট্রো। এর জেরে সকালে অফিসগামী যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছয়। একের পর এক প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। হঠাৎ মেট্রো বন্ধ হওয়ায় বহু যাত্রীকে বিকল্প পরিবহনের খোঁজে দৌড়াদৌড়ি করতে হয়। ফলে ট্র্যাফিকেও হালকা চাপ দেখা দেয়।
গত জুলাই মাসে পার্ক স্ট্রিট ও ময়দান স্টেশনের মাঝে একই কারণে বন্ধ হয়েছিল পরিষেবা। অফিস টাইমে দ্রুত গন্তব্যে পৌঁছতে মেট্রো ভরসা করলেও, বারবার এমন সমস্যায় যাত্রীদের বাধ্য হয়ে বাস বা অ্যাপ ক্যাবের উপর নির্ভর করতে হচ্ছে। বুধবারও দেখা গেল সেই একই ছবি - দীর্ঘ অপেক্ষা, ক্ষোভ, আর বাড়তি খরচ।