পুজোর আগে এই ‘মেট্রো প্রকল্প’ নিঃসন্দেহে শহরবাসীর জন্য এক বড় আনন্দবার্তা। প্যান্ডেল হপিং বা মণ্ডপ দর্শন আর এবার দীর্ঘ যানজটে আটকে থাকার কষ্ট নয়, বরং এক ছুটন্ত মেট্রো রাইডেই পৌঁছে যাবেন গন্তব্যে।

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 18 August 2025 20:49
দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগে শহরবাসীর জন্য এক বিরাট উপহার! কলকাতা মেট্রোর (Kolkata Metro) ইতিহাসে এই প্রথমবার, একসঙ্গে প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ তিনটি নতুন মেট্রো (New Metro Lines) পথ চালু হতে চলেছে। শহরের যাত্রী পরিবহণ ব্যবস্থায় (Communication) এক নতুন যুগের সূচনা হতে চলেছে বলে মনে করছে বিশেষজ্ঞরা।
আগামী ২২ অগস্ট মেট্রোর এই নয়া যাত্রাপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চালু হতে চলা নতুন তিনটি মেট্রো পথ হল – শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড (২.৪৫ কিমি), নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর (৬.৭৭ কিমি) এবং হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা (৪.৩৯ কিমি)।
রেলের মতে, এই নতুন সংযোজন শহরের মেট্রো নেটওয়ার্ককে পূর্ব রেলের শিয়ালদহ ও হাওড়া ডিভিশনের সঙ্গে আরও বেশি আন্তঃসংযোগযোগ্য করে তুলবে।
বিশেষ করে শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো চালু হওয়ায় শিয়ালদহ থেকে হাওড়া পৌঁছনোর সময় এক ঘণ্টা থেকে নেমে আসবে মাত্র ১১ মিনিটে (Howrah-Sealdah, just 11 minutes)! ফলে দুই রেলের প্রধান টার্মিনাল, হাওড়া ও শিয়ালদহ এখন মেট্রোর মাধ্যমে একে অপরের সঙ্গে সরাসরি সংযুক্ত।
পূর্ব রেলের নিউ গড়িয়া স্টেশন-এর সংযোগের মাধ্যমে বেলেঘাটা-হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো লাইন এবার শিয়ালদহ দক্ষিণ শাখার সঙ্গে যুক্ত হবে, যা দক্ষিণ শহরতলির যাত্রীদের শহরে আসা-যাওয়ার পথে বড় সুবিধা দেবে।
একইসঙ্গে নোয়াপাড়া-জয়হিন্দ বিমানবন্দর লাইন চালু হলে, এবার বিমানবন্দরে পৌঁছতে শহরের কেন্দ্রীয় অংশ যেমন এসপ্ল্যানেড থেকে যাত্রা হবে অনেক দ্রুত ও স্বাচ্ছন্দ্যের।
এছাড়াও দমদম ক্যান্টনমেন্টে তৈরি হচ্ছে আরও এক গুরুত্বপূর্ণ ইন্টারচেঞ্জ পয়েন্ট, যা ভবিষ্যতে শহরের রেল যোগাযোগকে আরও মজবুত করবে।
পুজোর আগে এই ‘মেট্রো প্রকল্প’ নিঃসন্দেহে শহরবাসীর জন্য এক বড় আনন্দবার্তা। প্যান্ডেল হপিং বা মণ্ডপ দর্শন আর এবার দীর্ঘ যানজটে আটকে থাকার কষ্ট নয়, বরং এক ছুটন্ত মেট্রো রাইডেই পৌঁছে যাবেন গন্তব্যে।
মেট্রো রেলের এক আধিকারিক জানান, "এই ১৪ কিমি রুট চালু হলে কলকাতার পরিবহণ ব্যবস্থা এক নতুন রূপ নেবে। শহরের লাখ লাখ যাত্রীর দৈনন্দিন যাতায়াত আরও সহজ ও দ্রুত হবে।"
সত্যিই, এ যেন শহরের বুকে এক চলমান স্বপ্নের বাস্তবায়ন!