মেট্রোর পরিসংখ্যান অনুযায়ী, পঞ্চমী থেকে নবমী পর্যন্ত মোট ৪৩.৬ লক্ষ যাত্রী পরিষেবা নিয়েছেন। দশমীর হিসাব এখনও যোগ হয়নি। তবে অনেকের প্রশ্ন, একাদশী থেকে কীভাবে মেট্রো চলবে।

ফাইল ছবি
শেষ আপডেট: 3 October 2025 12:55
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো শেষ। শুক্রবার থেকে আবারও শহরবাসী কাজে ফিরলেন পুরোদমে। পুজোর ভিড় সামলাতে সপ্তমী, অষ্টমী ও নবমীর রাতে টানা মেট্রো চলেছে, বদলেছে সময়। এবার শুরু স্বাভাবিক সময়ে পরিষেবা দেওয়া।
মেট্রোর পরিসংখ্যান অনুযায়ী, পঞ্চমী থেকে নবমী পর্যন্ত মোট ৪৩.৬ লক্ষ যাত্রী পরিষেবা নিয়েছেন। দশমীর হিসাব এখনও যোগ হয়নি। তবে অনেকের প্রশ্ন, একাদশী থেকে কীভাবে মেট্রো চলবে। প্রথম মেট্রো কখন ছাড়বে? লাস্ট মেট্রো বা শেষ ট্রেন কত রাতে মিলবে? এই নিয়েই বিস্তারিত জানাল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
ব্লু লাইনের পরিষেবা
কর্মব্যস্ত অন্যান্য শুক্রবারে যেখানে ব্লু লাইনে ২৭২টি মেট্রো চলে, সেখানে আজ অর্থাৎ শুক্রবার চলছে ২৩৬টি মেট্রো। এর মধ্যে আপ ও ডাউন মিলিয়ে ১১৮টি করে ট্রেন রয়েছে।
প্রথম মেট্রো কখন?
নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো ছেড়েছে সকাল ৬টা ৫০ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছেড়েছে সকাল ৬টা ৫৪ মিনিটে।
দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের প্রথম মেট্রো ছেড়েছে সকাল ৬টা ৫৫ মিনিটে। মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রোও ছেড়েছে একই সময়ে।
শেষ মেট্রো কখন?
রাত ৯টা ২৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো ছাড়বে। রাত ৯টা ৩৩ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে।
রাত ৯টা ৪৩ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দমদমগামী শেষ মেট্রো পাওয়া যাবে।
গ্রিন লাইন, ইয়েলো লাইন, পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে একইভাবে আগের মতোই পরিষেবা মিলবে কর্মব্যস্ত দিনে। সুতরাং সময় নিয়ে আর কোনও পরিবর্তন আপাতত হচ্ছে না।