ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। পাশের একটি ভবনের ছাদ থেকে আগুন নেভানোর চেষ্টা চলছে।
.jpeg.webp)
নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 26 January 2026 14:30
দ্য ওয়াল ব্যুরো: সোমবার দুপুর দু’টো। ১২ ঘণ্টা পেরিয়েও আনন্দপুরের (Anandapur) গুদামের আগুন পুরোপুরি নেভেনি। এখনও ধিকিধিকি জ্বলছে ভিতরে ভিতরে। তার মধ্যেই ফের অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়াল শহরে (Fire breaks out)।
দুপুরেই মল্লিকবাজার (Mallikbazar) এলাকার একটি চারতলা ভবনে আগুন লাগে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ।
ঘিঞ্জি এলাকার মধ্যে অবস্থিত ওই ভবনে আগুন লাগতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের বাসিন্দাদের মধ্যে। তবে দমকল সূত্রে খবর, ভবনের ভিতরে কেউ আটকে পড়েননি। আগুন লাগার সঙ্গে সঙ্গেই ওই আবাসনের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সতর্কতামূলক ভাবে ফাঁকা করে দেওয়া হয় আশপাশের কয়েকটি ভবনও।
স্থানীয় বাসিন্দাদেরই একাংশ প্রথমে আগুন দেখতে পেয়ে দমকলে খবর দেন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। পাশের একটি ভবনের ছাদ থেকে আগুন নেভানোর চেষ্টা চলছে।
স্থানীয়দের একাংশের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ভবনের অন্য অংশে। সেই থেকেই অনুমান করা হচ্ছে, ভিতরে প্লাস্টিক বা কোনও দাহ্য বস্তু মজুত থাকতে পারে। যদিও এ বিষয়ে দমকলের তরফে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
একদিকে আনন্দপুরের দীর্ঘস্থায়ী আগুন, অন্যদিকে মল্লিকবাজারের নতুন অগ্নিকাণ্ড—দিনভর আতঙ্কে কলকাতা।