এদিন অভিষেক নিজেই যে ছবি পোস্ট করলেন তাতে জাতিস্মর ছবির সেই গানটি অনেকেরই মনে পড়ে যেতে বাধ্য। কবীর সুমনের লেখা গান—‘এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো..।’

জিম পোশাকে মিরর লুকে অভিষেক!
শেষ আপডেট: 13 September 2025 21:30
দ্য ওয়াল ব্যুরো: শনিবার সন্ধেয় এই প্রতিবেদন লেখার মুহূর্তেও সল্টলেকে ব্রডওয়ের উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) একটা কাটআউট লাগানো রয়েছে। সেটা অভিষেকের আরও তরুণ বয়সের ছবি। ইষৎ স্থূলকায়। যেমনটি ছিলেন আট-দশ বছর আগে।
স্থানীয় তৃণমূল নেতা বা নেত্রী কাটআউট লাগানোর আগে হয়তো ভেবেও দেখেননি অভিষেক আর তেমন নেই। বদলে গেছেন। এমনিতেই ফুল স্লিভ হোয়াইট শার্ট আর ট্রাউজারে যখন দেখা যায়, দিব্য বোঝা যায় নির্মেদ শরীর। নিষ্ঠা ও অধ্যবসয়ের সঙ্গে শরীরের সামান্যতম অতিরিক্ত স্নেহ পদার্থও ঝরিয়ে ফেলেছেন। শুধু ঝরিয়ে ফেলেছেন তা নয়, মেনটেইনড রাখছেন।
আর এদিন অভিষেক নিজেই যে ছবি পোস্ট করলেন তাতে জাতিস্মর ছবির সেই গানটি অনেকেরই মনে পড়ে যেতে বাধ্য। কবীর সুমনের লেখা গান—‘এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো..।’ জিম পোশাকে মিরর লুকে অভিষেক। কাট স্লিভ টি শার্টে হাতের পেশীগুলো দেখা যাচ্ছে। স্পষ্ট দেখা যাচ্ছে জ-লাইন।
অভিষেক কবে থেকে শরীরের ব্যাপারে এতটা যত্নশীল হলেন তা নিয়ে কখনও কিছু বলেননি। তবে ২০১৬ সালের ১৯ অক্টোবর ছিল তাঁর জীবনের মোড় ঘোরানো ঘটনা। অভিষেক সেই দুর্ঘটনায় চোখে আঘাত পান। সেই ক্ষত সেরেও সারেনি। এখনও তার চিকিৎসায় তাঁকে বিদেশে যেতে হয়। গত বছরও একবার তাঁর চোখে অস্ত্রোপচার হয়। তার পর অন্তত দু’সপ্তাহ বিশ্রামে থাকতে হয় তাঁকে।
তবে মোটামুটি ভাবে দেখা যাচ্ছে, গত চার পাঁচ বছর ধরে অভিষেকের চেহারা অনেক সুঠাম হয়েছে। নিয়মিত শরীর চর্চা যে করেন তা অ্যাপিয়ারেন্সে স্পষ্ট। তা ছাড়া পোশাক পরিচ্ছদের ব্যাপারেও একটা স্বকীয়তা রাখার চেষ্টা করেন। টিপিকাল রাজনীতিকদের মতো সব সময়ে কুর্তা পাজামা পরেন না। বরং অনেক সময়েই তাঁকে পোলো টি শার্ট আর জিনসে দেখা যায়। এ ব্যাপারে ফেভারিট কালার কম্বিনেশন হল ব্ল্যাক পোলো আর ডেনিম জিনস।
সংসদে তাঁকে মোটামুটি ভাবে ফুল স্লিভ শার্ট আর ট্রাউজারে দেখা যায়। তবে জামা গুঁজে পরেন না। ছেড়ে পরেন। এ ক্ষেত্রে তাঁকে সাদা বা নেভি ব্লু ও কখনও সখনও ব্ল্যাক শার্ট পরতে দেখা গেছে। এই তিন রঙের বাইরে বিশেষ দেখা যায়নি।
তবে শনিবার তিনি যে ছবি পোস্ট করেছেন, সেটা সবকিছুকে যেন ছাপিয়ে গেছে। এতটাই যে টলিপাড়ার পরিচিত মুখগুলোকেও চ্যালেঞ্জ ছোড়ার মতই।