শনিবার সকালে সেনার মহড়ার মধ্যেই একটি বিলাসবহুল গাড়ির বেপরোয়া গতিতে ঢুকে পড়ার চেষ্টাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় শহরের প্রাণকেন্দ্রে (Kolkata Accident)।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 24 January 2026 12:57
দ্য ওয়াল ব্যুরো: রেড রোডে (Red Road) সাধারণতন্ত্র দিবসের (Republic Day) কুচকাওয়াজের মহড়া চলাকালীন ফের নিরাপত্তা-শঙ্কা। শনিবার সকালে সেনার মহড়ার মধ্যেই একটি বিলাসবহুল গাড়ির বেপরোয়া গতিতে ঢুকে পড়ার চেষ্টাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় শহরের প্রাণকেন্দ্রে (Kolkata Accident)। সৌভাগ্যবশত, বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলেও ঘটনার জেরে ফের প্রশ্নের মুখে পড়ল কুচকাওয়াজ-পূর্ব নিরাপত্তা ব্যবস্থা (26th January)।
এই ঘটনার পরই ফের উঠে এসেছে রেড রোডের নিরাপত্তা নিয়ে পুরনো আশঙ্কা। কারণ, এ ঘটনা কলকাতাবাসীর মনে করিয়ে দিয়েছে ২০১৬ সালের ১৩ জানুয়ারির ভয়াবহ স্মৃতি। সেবারও সাধারণতন্ত্র দিবসের মহড়ার সময় খিদিরপুর রোড দিক থেকে একটি অডি গাড়ি একের পর এক ব্যারিকেড ভেঙে রেড রোডে ঢুকে পড়েছিল। সেই দুর্ঘটনায় প্রাণ হারান ভারতীয় বায়ুসেনার এক অফিসার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল প্রায় সাতটা নাগাদ রেড রোডে সেনা কুচকাওয়াজের মহড়া চলছিল। সেই সময় কালো রঙের একটি স্কোডা অক্টাভিয়া গাড়িকে অত্যন্ত দ্রুত গতিতে রেড রোডের দিক থেকে পার্ক স্ট্রিটের (Park Street) দিকে এগোতে দেখা যায়। কর্তব্যরত পুলিশকর্মীরা (Police) গাড়িটিকে থামানোর চেষ্টা করেন। কিন্তু অভিযোগ, তখনই গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করেন চালক। মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গার্ডরেলে সজোরে ধাক্কা মারে গাড়িটি।
সংঘর্ষের জেরে গাড়িটির বাঁ দিকের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ির ভিতরে ৩ থেকে ৪ জন কম বয়সি ছেলেমেয়ে ছিলেন। দুর্ঘটনার পরই ময়দান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি বাজেয়াপ্ত করে এবং চালককে আটক করে থানায় নিয়ে যায়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গাড়িটির বিমা ও দূষণ সংক্রান্ত শংসাপত্রের মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হয়ে গিয়েছে। বৈধ নথি ছাড়াই গাড়িটি চালানো হচ্ছিল বলে অভিযোগ। পুলিশের অনুমান, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ধরা পড়ার ভয়েই চালক পালানোর চেষ্টা করতে পারেন। তবে নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তদন্তকারীরা। আটক চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নতুন করে ঘটনার পুনরাবৃত্তিতে প্রশ্ন উঠছে— সাধারণতন্ত্র দিবসের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আগে নিরাপত্তা বলয়ে আরও কড়াকড়ি প্রয়োজন কি না।