৪৬.৯৪ লক্ষ টাকার আর্থিক প্রতারণার মামলায় কলকাতা পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। আরও ছয়জন অভিযুক্তের খোঁজ চলছে। অভিযোগ এনেছে SMFG India Credit।

গ্রাফিক্স- দ্য ওয়াল
শেষ আপডেট: 26 May 2025 19:26
দ্য ওয়াল ব্যুরো: প্রায় ৪৭ লক্ষ টাকার একটি আর্থিক প্রতারণার (Financial Fraud) মামলায় কলকাতা পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। আরও ছ’জন অভিযুক্তের খোঁজে তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে (2 Arrested in 47 Lakh Financial Fraud)। এই প্রতারণার ঘটনা সামনে এনেছে দেশের অন্যতম বৃহৎ এনবিএফসি সংস্থা এসএমএফজি ইন্ডিয়া ক্রেডিট।
সংস্থার অভিযোগ, কিছু ব্যক্তি ভুয়ো নথিপত্র (Fake Documents) জমা দিয়ে একাধিক পার্সোনাল লোন নিয়েছিলেন, যার ফলে মোট প্রতারণার পরিমাণ দাঁড়িয়েছে ৪৬.৯৪ লক্ষ টাকা। এই অভিযোগের ভিত্তিতে পার্ক স্ট্রিট থানায় একটি এফআইআর দায়ের করে এসএমএফজি ইন্ডিয়া ক্রেডিট। তারপরই তদন্তে নামে কলকাতা পুলিশ এবং দুই ব্যক্তিকে গ্রেফতার করে। তাঁরা হলেন পলাশ মুখার্জি এবং সুব্রত কুমার দাস।
তদন্তকারীরা জানিয়েছেন, এই মামলায় এখনও পর্যন্ত আরও ছয়জন অভিযুক্ত পলাতক রয়েছেন। তাদের খোঁজে তল্লাশি চলছে। কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের বক্তব্য, শিগগিরই বাকিদেরও গ্রেফতার করা হবে।
এই প্রতারণার ঘটনায় ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এক বিবৃতিতে এসএমএফজি ইন্ডিয়া ক্রেডিট-এর এক মুখপাত্র বলেন, ‘এসএমএফজি ইন্ডিয়া ক্রেডিট সর্বোচ্চ সততার মানদণ্ড রক্ষা করতে বদ্ধপরিকর এবং অনৈতিক কোনও কাজের ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। একজন আইন মান্যকারী সংস্থা হিসেবে আমরা এই প্রতারণার ঘটনার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি এবং তদন্তে পুলিশকে পূর্ণ সহযোগিতা করছি, যাতে দোষীদের আইনের হাতে তুলে দেওয়া যায়।’
ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে তদন্তে গতি আনা হয়েছে। প্রতারকদের ধরতে বিভিন্ন সূত্র ধরে তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ।