পর্যটকরা ম্যঙ্গালোর থেকে ৩৫ কিলোমিটার দূরত্বে দক্ষিণ কন্নড়ের এরুগুণ্ডি জলপ্রপাতের চূড়ায় ওঠেন। আচমকাই জলের স্তর বেড়ে যায়। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।

ভাইরাল ভিডিও
শেষ আপডেট: 26 May 2025 19:08
দ্য ওয়াল ব্যুরো: টানা বৃষ্টিতে বিপর্যস্ত কর্নাটক। এর মধ্যেই বেড়াতে গিয়ে ঝরনায় আটকে পড়েন পাঁচ পর্যটক (5 Tourists Stuck At Karnataka Waterfall)। দ্রুত উদ্ধারকার্য শুরু না হলে হতে পারত বড় দুর্ঘটনা। এমন সময়ে তাঁদের সাহায্যে এগিয়ে আসেন স্থানীয়রাই। সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
জানা যায়, পর্যটকরা ম্যঙ্গালোর থেকে ৩৫ কিলোমিটার দূরত্বে দক্ষিণ কন্নড়ের এরুগুণ্ডি জলপ্রপাতের চূড়ায় ওঠেন। আচমকাই জলের স্তর বেড়ে যায়। এমনকি জলের স্রোতে বেশ কিছুটা ভেসে যান তাঁরা। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই দড়ির সাহায্যে পর্যটকদের টেনে তোলেন। ভাইরাল ভিডিওতে (Viral Video) দেখা যাচ্ছে, 'চার-পাঁচ জন মানুষ পাথরের উপর দাঁড়িয়ে রয়েছেন এবং পর্যটকদের একে একে দড়ি দিয়ে জল থেকে টেনে তুলছেন।'
প্রশাসন সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই আবহাওয়ার অবস্থা খারাপ। পরিস্থিতি ক্রমশ সংকটজনক হয়ে উঠছে। সতর্কবার্তা দেওয়া হয়েছে কিন্তু তা উপেক্ষা করেই অনেক পর্যটক জলপ্রপাতের চূড়ায় উঠে পড়ছেন। এটি অত্যন্ত বিপজ্জনক, প্রাণের ঝুঁকিও রয়েছে।
Heavy Rain in Dakshina Kannada Dist #Tourists Rescued from #Waterfall . At Erugundi Falls near Paladka in Puthige village of Moodbidri, The tourists had climbed onto rocks at the top of the waterfall when the water level suddenly rose, trapping them. #Mangaluru #KarnatakaRains pic.twitter.com/9Xz6yg8YaR
— sudhakar (@naidusudhakar) May 26, 2025
আইএমডি (IMD) কর্নাটকে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। চলতি সপ্তাহে প্রায় প্রতিদিনই বৃষ্টি হবে। এদিকে একটানা বৃষ্টিতে জনজীবন কার্যত বিপর্যস্ত। রাজ্যজুড়ে অনেক এলাকা জলমগ্ন। যান চলাচল ব্যহত হচ্ছে। ঝড়ের দাপটে উপরে পড়েছে গাছ। ভূমিধস প্রবণ এলাকাগুলিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দুর্যোগের কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
কর্নাটকের (Karnataka) উল্লাল, সোমেশ্বর-সহ একাধিক এলাকায় ভারী বৃষ্টি হবে। দক্ষিণ কন্নড় জেলার কুমারধারা, ফাল্গুনী এনং নেত্রাবতী নদির জলস্তর বেড়ে গিয়েছে। উপকূলের বাসিন্দাদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
আইএমডি কর্ণাটকের একাধিক জেলা- উত্তর কন্নড়, দক্ষিণ কন্নড়, শিমোগা, উরুপি, চিকমাগালুতে অতিভারী বৃষ্টির জন্য 'লাল' সতর্কতা জারি করেছে। ধারবাদ, গড়গ, হাভেরী, হাসান এবং মাইসোর জেলায় ভারী বৃষ্টির 'হলুদ' সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে কর্নাটকের বেলাগাভিতে সোমবার সকালে ভারী বৃষ্টিতে একটি বাড়ির দেওয়াল ধসে তিন বছরের একটি মেয়ের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মেয়েটির নাম কৃতিকা। তার মা রেশমা ও ছোট বোন খুশি এই ঘটনায় জখম হয়েছে। মহালিঙ্গেশ্বর নগরে এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।