সাউথ ক্যালকাটা ল কলেজের এই ঘটনায় এবার পদক্ষেপ করল রাজ্যের উচ্চশিক্ষা দফতর। সূত্রের খবর, দ্রুত সময়ের মধ্যে গোটা ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে বিকাশ ভবন।

বিকাশ ভবন
শেষ আপডেট: 28 June 2025 12:42
দ্য ওয়াল ব্যুরো: কলেজ চত্বরে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ কলকাতার কসবায় (Kasba)। সাউথ ক্যালকাটা ল কলেজের এই ঘটনায় এবার পদক্ষেপ করল রাজ্যের উচ্চশিক্ষা দফতর। সূত্রের খবর, দ্রুত সময়ের মধ্যে গোটা ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে বিকাশ ভবন (Bikash Bhavan)।
জানা গিয়েছে, গণধর্ষণের ঘটনার পরই কলেজ কর্তৃপক্ষকে গভর্নিং বডির বৈঠক ডাকার নির্দেশ দিয়েছে উচ্চশিক্ষা দফতর। একইসঙ্গে প্রশ্ন তোলা হয়েছে— কলেজ চত্বরে কীভাবে নিরাপত্তা বলয় ভেঙে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটল?
দফতরের তরফে কলেজে নিরাপত্তা সংক্রান্ত কোনও গাফিলতি ছিল কি না, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তার জন্য বাড়তি নিরাপত্তা রক্ষী প্রয়োজন কি না, তাও খতিয়ে দেখতে বলা হয়েছে।
২৫ জুন ঘটে যাওয়া এই ভয়ঙ্কর ঘটনায় অভিযুক্ত প্রধান ব্যক্তি কলেজের প্রাক্তনী, তৃণমূল ছাত্র পরিষদের নেতা ও অস্থায়ী কর্মী বলে জানা গিয়েছে। অভিযোগ, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই ছাত্রীর উপর শারীরিক নির্যাতন চালায় অভিযুক্ত, যার সঙ্গে সহযোগিতা করে কলেজেরই দুই বর্তমান পড়ুয়া। পুলিশ ইতিমধ্যেই তিন জনকেই গ্রেফতার করেছে।
ঘটনার জেরে বৃহস্পতিবার সকাল থেকেই কলেজ চত্বরে নজিরবিহীন নিরাপত্তা। গার্ডরুম থেকে ইউনিয়ন রুম, সর্বত্র পুলিশের উপস্থিতি। কলেজের ভেতর ও বাইরের রাস্তায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে ঘটনাস্থল।
সকালে সাউথ ক্যালকাটা ল কলেজে যান পুলিশের উচ্চপদস্থ কর্তারা। ঘটনাস্থল পরিদর্শন করে ফরেনসিক নমুনা সংগ্রহের প্রস্তুতিও শুরু হয়।