মাঘের শুরুতেই শীতের কামড় কমছে কলকাতা ও দক্ষিণবঙ্গে। রাতের তাপমাত্রা বাড়ছে, কুয়াশার সতর্কতা জারি। সতর্ক থাকুন সকালের সময়!

আবহাওয়া
শেষ আপডেট: 16 January 2026 09:50
দ্য ওয়াল ব্যুরো: মাঘের প্রথম সপ্তাহ পেরোনোর পরেই কলকাতা এবং দক্ষিণবঙ্গে শীতের তীব্রতা ক্রমশ কমতে শুরু করবে। তবে শীত পুরোপুরি চলে যাবে, এমনটি নয়। কিছুটা তার রেশ এখনও অনুভূত হবে। মৌসম ভবনের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে শীতের তীব্রতা আরও ক্ষীণ হয়ে আসবে।
বর্তমানে দেশের উত্তর–পশ্চিমে একটি ঝঞ্ঝা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে শীতের কামড় সাময়িকভাবে কমে গেছে। আজ, শুক্রবার, দেশের উত্তর–পশ্চিমে নতুন করে একটি ঝঞ্ঝা তৈরি হতে যাচ্ছে। এর প্রভাবেই কলকাতা–সহ দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা দু’–তিন ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বুধবার শেষরাতে কলকাতার তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ডিসেম্বর ২০২৫ থেকে ১৫ জানুয়ারি ২০২৬—এই ২২ দিনের মধ্যে ২০ দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল। তবে এই অবস্থার দ্রুত অবসান হতে চলেছে।
আবহবিদরা জানিয়েছেন, আগামী সোমবার, ১৯ জানুয়ারি থেকে কলকাতার রাতের তাপমাত্রা ফের ১৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর সম্ভাবনা খুব বেশি। রাতের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলার অনেক অঞ্চলে নতুন করে কুয়াশা দেখা দিতে পারে। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, রবিবার পর্যন্ত কুয়াশার ঘনত্ব বেশী থাকবে। নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে।
কলকাতা–সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। আলিপুর হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বুধবার শেষরাতে দক্ষিণবঙ্গে শ্রীনিকেতন (৮.৮°সেলসিয়াস), বাঁকুড়া (৯.২°), ঝাড়গ্রাম (৯.৮°) ও আসানসোল (৯.৯°) ছাড়া অন্য কোনও জেলায় তাপমাত্রা সিঙ্গেল ডিজিটে ছিল না।
উত্তরবঙ্গে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। তবে প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা ও উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। এই অঞ্চলে দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে।