মঙ্গলবার ভোর রাতের বৃষ্টির আতঙ্কে ফেলে দিয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গকে। আলিপুর আবহাওয়া দফতর আবার জানিয়ে রেখেছে, এতেই রক্ষে নেই বৃহস্পতিবার থেকে নতুন নিম্নচাপ বলয় মাথা তুলবে বঙ্গোপসাগরে। এরই মধ্যে বেলা ১২টা গড়াতেই বুধবারেও বৃষ্টি শুরু হয়ে গেল।

বেলা ১২টা গড়াতেই বুধবারেও শুরু হয়ে গেল বৃষ্টি।
শেষ আপডেট: 24 September 2025 12:51
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার ভোর রাতের বৃষ্টির আতঙ্কে ফেলে দিয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গকে। আলিপুর আবহাওয়া দফতর আবার জানিয়ে রেখেছে, এতেই রক্ষে নেই বৃহস্পতিবার থেকে নতুন নিম্নচাপ বলয় মাথা তুলবে বঙ্গোপসাগরে। এরই মধ্যে বেলা ১২টা গড়াতেই বুধবারেও বৃষ্টি শুরু হয়ে গেল। কৌতূহলের বিষয় হল, সারাদিনই কি এমনই চলবে? (Kolkata weather update)
এদিন সকালটা ছিল রোদেলা। তবে আলিপুর আবহাওয়া দফতর সকালেই জানিয়ে দিয়েছিল, এই রোদ দেখে ভ্রান্তিবিলাসের জায়গা নেই। দিনটা এমন যাবে না। কলকাতার সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সারাদিন বা দিনের যে কোনও সময়ে।
শুধু কলকাতায় নয়, হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলি, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে এও পূর্বাভাস রয়েছে যে কোথাও কোথাও বাজ পড়তে পারে। তা ছাড়া ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে।
দুপুর দেড় টা নাগাদ আবার আবহাওয়া দফতরের বুলেটিন ঘোষণা করার কথা। তবে তার আগেই দফতর সূত্রে বলা হচ্ছে, সোমবার পর্যন্ত বৃষ্টি থেকে নিস্তারের সম্ভাবনা খুব ক্ষীণ। সোমবার মঙ্গলবার থেকে বৃষ্টির মাত্রা কমে আসতে পারে। তবে এখন দেখার বৃহস্পতিবারের নিম্নচাপ কী চেহারা নেয়। ওই নিম্নচাপের ফলে ঝড় ঝঞ্ঝা অন্ধ্রের দিকে সরে সম্ভাবনা রয়েছে। তা এখনও পর্যন্ত খুব স্পষ্ট না হলেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে তার প্রভাবে কিছু অন্তত বৃষ্টি বাংলা ও ওড়িশাতেও হবে।