এমনকি, তিনি সন্তানসম্ভবা হয়ে পড়লে জোর করে তাঁর গর্ভপাত করানো হয় বলেও অভিযোগ।

কার্তিক মহারাজ।
শেষ আপডেট: 3 July 2025 17:18
দ্য ওয়াল ব্যুরো: ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজের (Karthik Maharaj) বিরুদ্ধে আগামী সোমবার পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না রাজ্য। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি জয় সেনগুপ্ত।
যৌন হেনস্থার অভিযোগ উঠেছে কার্তিক মহারাজের বিরুদ্ধে। অভিযোগকারিণীর দাবি, ২০১৩ সালে কাজের প্রতিশ্রুতি দিয়ে কার্তিক মহারাজ তাঁকে মুর্শিদাবাদের নবগ্রাম থানার চাণক্য এলাকায় এক আশ্রমের প্রাইমারি স্কুলে নিয়ে যান। সেখানে তাঁকে শিক্ষিকার পদে নিয়োগ করা হয়। স্কুলে থাকার জন্য তাঁকে একটি ঘরও দেওয়া হয়েছিল। সেখানে নাকি এক রাতে আচমকাই মহারাজ হাজির হয়েছিলেন। তাঁকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। বাধ্য হয়ে তা মেনে নিতে হয়।
তাঁর আরও অভিযোগ, তার পর দিনের পর দিন তাঁর উপর শারীরিক অত্যাচার চালানো হয়েছে। এমনকি, তিনি সন্তানসম্ভবা হয়ে পড়লে জোর করে তাঁর গর্ভপাত করানো হয়। অভিযুক্ত কার্তিক মহারাজ সমস্ত অভিযোগ আগেই অস্বীকার করেছেন।
ঘটনাটি সামনে আসতেই উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। শাসক ও বিরোধী—দুই পক্ষের নেতারাই প্রকাশ্যে মন্তব্য করছেন। অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন কার্তিক মহারাজ নিজে। সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘‘আমার বিরুদ্ধে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা হয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি, সত্যেরই জয় হবে। আইন আইনের পথেই চলবে।’’