বিকেল গড়াতে এলাকা থমথমে হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে পুলিশ।

ছবি-সংগৃহীত।
শেষ আপডেট: 14 November 2025 19:42
দ্য ওয়াল ব্যুরো: জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ থামাতে গিয়ে জনরোষের মুখে পড়ল পুলিশ!
কান্দির গৌকর্ণ গোসাইডোবা এলাকায় শুক্রবার দুপুরে হঠাৎই পরিস্থিতি ভয়ানক মোড় নেয়। অভিযোগ, দু'পক্ষের গোলমাল থামাতে পৌঁছতেই হামলার নিশানায় পড়েন কান্দি থানার আইসি মৃণাল সিং (Kandi IC)। মাথায় গুরুতর চোট পান তিনি।
পুলিশ সূত্রের খবর, গৌকর্ণ গোসাইডোবা এলাকার ওই জমিটি নিয়ে বহু দিন ধরেই দুই পক্ষের বিবাদ চলছিল। শুক্রবার সকালে তাঁদের মধ্যে ফের তুমুল গোলমাল শুরু হয়। খবর পেয়েই আইসি-র নেতৃত্বে পুলিশ পৌঁছয়।
কিন্তু উত্তেজনা থামার বদলে আরও চড়ে ওঠে। অভিযোগ, পুলিশকে ঘিরে ধরে শুরু হয় ঢিল, লাঠি ও বেধড়ক মারধর। এক পর্যায়ে আইসিকে লক্ষ্য করে হামলা— রক্তাক্ত হয়ে পড়ে যান তিনি।
হামলার পাশাপাশি পুলিশের বেশ কয়েকটি মোটরবাইক এবং গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। মুহূর্তে অশান্ত হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি সামলাতে তড়িঘড়ি আরও পুলিশবাহিনী মোতায়েন করা হয়। বিকেল গড়াতে এলাকা থমথমে হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে পুলিশ।
আহত আইসি মৃণাল সিং বর্তমানে গৌকর্ণ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় কড়া নিন্দা জানিয়েছে জেলা পুলিশ। পুলিশের বক্তব্য—, “কারা হামলায় যুক্ত, কেন পরিস্থিতি হঠাৎ হাতের বাইরে গেল— সব দিক খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” উত্তেজনার আঁচ এখনো রয়ে গেছে গ্রামে।