দলের শীর্ষস্তর থেকে খবর, এবার নয়া ফরম্যাটে সামনে আসতে পারে নবজোয়ার-২। সেই ঘোষণাও অভিষেক উত্তরবঙ্গ সফর থেকেই করতে পারেন বলে মনে করা হচ্ছে।
_0.jpeg.webp)
অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 14 November 2025 15:39
দ্য ওয়াল ব্যুরো: নভেম্বরের শেষ সপ্তাহে উত্তরবঙ্গ (North Bengal) সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
দলীয় সূত্রের খবর, কোচবিহার-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। চলতি সময়ে রাজ্যে জোরকদমে চলছে এসআইআর (SIR) প্রক্রিয়া। সেই পরিপ্রেক্ষিতে জেলার প্রতিটি তৃণমূল শিবির ও ক্যাম্প পরিদর্শন করতে পারেন অভিষেক। যা রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, “নভেম্বরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারে আসছেন। লক্ষ্য একটাই—৯-০, অর্থাৎ বিজেপিকে শূন্যে নামিয়ে আনা।”
৪ নভেম্বর থেকে শুরু হওয়া এসআইআর প্রক্রিয়ার পর থেকেই তৎপর বিএলওরা। বাড়ি বাড়ি গিয়ে বিলি করা হচ্ছে ইনিউমারেশন ফর্ম। প্রক্রিয়া শুরুর আগেই ভার্চুয়াল বৈঠকে অভিষেক রাজ্যের নেতাদের স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন—৬২০০টি ক্যাম্প করে মানুষের পাশে থাকতে হবে। পাশাপাশি ২৯৪টি বিধানসভার প্রতিটিতে ‘ওয়ার রুম’ তৈরির কথাও জানান তিনি। সেই বৈঠকেই ইঙ্গিত দিয়েছিলেন, শীঘ্রই জেলা সফরে যাবেন। এবারের সফর সেই নির্দেশ বাস্তবায়নের প্রথম ধাপ বলে মনে করছে রাজনৈতিক মহল।
এদিকে, অভিষেকের বহু প্রতীক্ষিত ‘নবজোয়ার-২’ কর্মসূচি (Nabajowar-2 ) কবে শুরু হবে, তা নিয়ে কিছুদিন ধরেই জোরাল জল্পনা চলছে। দলের শীর্ষস্তর থেকে খবর, এবার নয়া ফরম্যাটে সামনে আসতে পারে নবজোয়ার-২। সেই ঘোষণাও অভিষেক উত্তরবঙ্গ সফর থেকেই করতে পারেন বলে মনে করা হচ্ছে।
অভিষেকের এই সফর ঘিরে জেলাজুড়ে চলছে চূড়ান্ত প্রস্তুতি। তৃণমূলের সংগঠন সকলে নজর রাখছে—অভিষেকের সফর নতুন কী বার্তা দেয়, আর উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণে তা কতটা পরিবর্তন আনে।