বেআইনি জমায়েত রুখতে হাওড়া শহরে মোতায়েন করা হয়েছে প্রায় ২ হাজার পুলিশকর্মী। প্রস্তুত রাখা হয়েছে তিনটি জলকামান। পাশাপাশি রয়েছে প্রায় ১০টি নজরদারি ড্রোন।

অবস্থানের কথা জানাচ্ছেন প্রতিবাদীরা
শেষ আপডেট: 28 July 2025 16:05
দ্য ওয়াল ব্যুরো: নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাক দিলেও মাঝপথেই তা থামিয়ে দিতে হল চাকরিপ্রার্থী, চাকরিহারাদের (Jobless Teachers)। হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করলেও তেলকলঘাট রোডেই আটকে যায় তাঁদের জমায়েত। পুলিশি (Police) বাধা থাকলে অবশ্য সেখানেই বসে পড়েছেন আন্দোলনকারীরা। চলছে অবস্থান বিক্ষোভ (Sitting Protest)। অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।
পুলিশ বারবার মাইকে ঘোষণা করেছে — এই জমায়েত বেআইনি, অবিলম্বে এলাকা খালি করুন। কিন্তু আন্দোলনকারীরা রাস্তাতেই বসে রয়েছেন। এদিকে, হাওড়া স্টেশন থেকে কয়েক হাজার মানুষ মিছিল করে তেলকলঘাট পর্যন্ত এসেছেন বলে জানিয়েছে পুলিশ।
সূত্রের খবর, এক আন্দোলনকারী পুলিশের বাধা অগ্রাহ্য করে নবান্নমুখো হওয়ার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে তাঁকে আটক করে শিবপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এদিনের এই আন্দোলনে অংশ নিয়েছে একাধিক সংগঠন - পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ, সরকারি কর্মচারী পরিসর-সহ আরও অনেক। ইতিমধ্যেই এই জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে হাওড়া সিটি পুলিশ। তা সত্ত্বেও নিজেদের অবস্থানে অনড় আন্দোলনকারীরা।
বেআইনি জমায়েত রুখতে হাওড়া শহরে মোতায়েন করা হয়েছে প্রায় ২ হাজার পুলিশকর্মী। প্রস্তুত রাখা হয়েছে তিনটি জলকামান। পাশাপাশি রয়েছে প্রায় ১০টি নজরদারি ড্রোন।
নবান্নের দিকে যাওয়া রুখতে শহরের তিনটি প্রধান প্রবেশপথ —রেল মিউজিয়াম সংলগ্ন এলাকা, ফরশোর রোডের রামকৃষ্ণপুর ঘাট গেট, এবং বঙ্গবাসী মোড়, সব জায়গাতেই বসানো হয়েছে লোহার ও কংক্রিটের ব্যারিকেড। সঙ্গে রয়েছে কাজিপাড়া মোড় ও নবান্ন সংলগ্ন এলাকাতেও কড়া নিরাপত্তা বলয়।
পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থান ঘিরে চরম উত্তেজনা।