পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনের (SIR West Bengal) এনুমারেশন পর্ব শেষ করেছে নির্বাচন কমিশন। এবার হবে খসড়া তালিকা প্রকাশ।
.jpeg.webp)
সিইও মনোজ আগরওয়াল
শেষ আপডেট: 15 December 2025 19:45
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনের (SIR West Bengal) এনুমারেশন পর্ব শেষ করেছে নির্বাচন কমিশন। এবার হবে খসড়া তালিকা প্রকাশ। আগামীকাল, মঙ্গলবার ওই তালিকা প্রকাশ করবে কমিশন (Election Commission)।
খসড়া তালিকায় (Draft List) নাম থাকলেই যে চূড়ান্ত তালিকায় নাম থাকবে, এমনটা নয়। Logical Discrepancies রয়েছে (যে সাতটি অসঙ্গতি ধরা পড়েছিল) এমন ভোটারদের প্রায় সকলকেই শুনানিতে ডাকা হবে। তাছাড়া আনম্যাপড (প্রায় ৩০ লক্ষ) যারা, তাদের সকলকেই শুনানিতে ডাকা হবে। তবে খসড়া তালিকায় নাম না থাকলেই যে সব গেল গেল এমনটাও নয়। যদি সব নথি সঠিক থাকা সত্ত্বেও খসড়া তালিকায় নাম না ওঠে, তাহলে ৬ নম্বর ফর্ম (name inclusion) ফিলআপ করে জমা দিতে হবে (SIR News)।
খসড়া তালিকা প্রকাশের পর শুনানি পর্ব শুরু হতে হতে আগামী সপ্তাহ হয়ে যেতে পারে। ইতিমধ্যেই সব বুথে ASDD (Absent, Shifted, Dead and Duplicate) তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রকাশ করা হবে খসড়া তালিকা। সিইও দফতরের ওয়েবসাইটে এই তথ্য পাওয়া যাবে।
কমিশন সূত্রে খবর, তৎপরতার সঙ্গে চলছে খসড়া তালিকা প্রস্তুতির কাজ। সূচি মেনে সোমবারই ওই কাজ শেষ করা হবে। যাতে মঙ্গলবার থেকে ভোটারেরা নিজেদের নাম দেখতে পারেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ইতিমধ্যে জেলাস্তরে ওয়েবসাইট প্রকাশ করেছে। সেখানে গিয়েও নিজেদের নাম দেখতে পারবেন সংশ্লিষ্ট জেলার ভোটাররা।
গত ২৭ অক্টোবর রাজ্যে এসআইআরের দিন ক্ষণ ঘোষণা করেছিল কমিশন। সে দিন পর্যন্ত রাজ্যে মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। কমিশন জানিয়েছে, মোট ভোটারের নামে এনুমারেশন ফর্ম ছাপানো হয়েছিল। তাঁদের প্রত্যেকের কাছেই ফর্ম নিয়ে গিয়েছিলেন বুথ স্তরের অফিসার(বিএলও)-রা।
রবিবার পর্যন্ত মোট ভোটার থেকে নাম বাদ পড়েছে ৫৮,২০,৮৯৮ জনের। বাকিদের নাম খসড়া তালিকায় ওঠার কথা। কমিশন জানিয়েছে, এনুমারেশন ফর্মে কেবলমাত্র সই করে জমা দিলেও খসড়া তালিকায় নাম উঠবে। সেই অনুযায়ী প্রায় ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম খসড়ায় থাকার কথা। চূড়ান্ত তালিকায় নাম ওঠার আগে তাঁদের তথ্য যাচাই করবে কমিশন। অর্থাৎ, কোনও ভোটারের খসড়ায় নাম থাকলেই তা চূড়ান্ত হিসাবে ধরে নেওয়া যাবে না।