ভোটার তালিকা নিয়ে একাংশ মানুষের সমস্যার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, অনেক নাগরিক তাঁদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন বলে আশঙ্কা রয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 21 March 2026 18:15
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) জন্য রবিবার থেকে প্রচার শুরু করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। তার আগে শনিবার ইদ উপলক্ষে (EID 2026) শুভেচ্ছা জানিয়ে ঐক্য, শান্তি এবং সাংবিধানিক অধিকারের বার্তা দিলেন তাঁরা।
মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বার্তায় সকলকে ইদের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রতিটি পরিবারে শান্তি, সহমর্মিতা ও সম্প্রীতি বজায় থাকুক - এই প্রার্থনাই করেন তিনি। তবে এর পাশাপাশি ভোটার তালিকা নিয়ে একাংশ মানুষের সমস্যার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, অনেক নাগরিক তাঁদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন বলে আশঙ্কা রয়েছে।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তিনি আইনি পদক্ষেপ করেছেন এবং আদালতের দ্বারস্থ হয়েছেন। তাঁর বিশ্বাস, সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের অধিকার সুরক্ষিত হবে। একই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, ধর্ম, বর্ণ বা সম্প্রদায় নির্বিশেষে বাংলার প্রতিটি মানুষের পাশে তিনি রয়েছেন পরিবারের সদস্য হিসেবেই।
Eid Mubarak to all! On this auspicious occasion, I extend my heartfelt greetings to everyone who joined the celebrations at Red Road. I pray that peace, compassion, and harmony prevail in every home. Today, I also visited Collin Lane, Ripon Street, and Beck Bagan, where I… pic.twitter.com/OejKf4NDtq
— Mamata Banerjee (@MamataOfficial) March 21, 2026
অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর বার্তায় ইদের তাৎপর্য তুলে ধরেছেন ভিন্নভাবে। তিনি বলেন, ইদ ধৈর্য, ভালবাসা এবং একসঙ্গে থাকার শিক্ষা দেয়। এই মূল্যবোধই মানবিক সম্পর্কের ভিত্তি গড়ে তোলে। তাঁর মতে, বাংলার সংস্কৃতির মূলেই রয়েছে এই বহুত্ববাদ - যেখানে সব সম্প্রদায় একে অপরের উৎসবে সামিল হয় এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখে। বর্তমান সময়ে যখন বিভাজনের রাজনীতি সমাজকে ভাঙার চেষ্টা করছে, তখন আরও বেশি করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
অভিষেক আরও বলেন, ভারত সকলের দেশ এবং তার শক্তি লুকিয়ে রয়েছে বৈচিত্র্যের মধ্যেই। সেই ঐতিহ্য রক্ষা করাই এখন সবচেয়ে জরুরি। তিনি আশা প্রকাশ করেছেন, বাংলার মানুষ ঘৃণার রাজনীতিকে প্রত্যাখ্যান করে সম্প্রীতির পথেই এগোবে।
On the auspicious occasion of Eid, I extend my heartfelt greetings to everyone and express my gratitude to all those who gathered at Red Road to celebrate this festival in a spirit of peace and brotherhood. I pray that your Roza is accepted and that the values of compassion and… pic.twitter.com/4pMvOKRGQb
— Abhishek Banerjee (@abhishekaitc) March 21, 2026
শনিবার সকালে রেড রোডে ইদের অনুষ্ঠানে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকার এবং নির্বাচন কমিশনকে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট করে দেন, 'এসআইআর (SIR) নিয়ে তাঁর লড়াই জারি থাকবে।' সকলের পাশে থাকার বার্তা দিয়ে বলেন, 'দিল্লি, সুপ্রিম কোর্ট (Supreme Court) দৌড়েছি, একটাও নাম যাতে বাদ না যায়, তার জন্য যতদূর যাওয়া যায় যাব।'
এসআই ইস্যুতে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সকলের মধ্যে সম্প্রীতি বজায় রাখার বার্তা দিয়ে তৃণমূলের সাংসদ বলেন, 'ভাইয়ে ভাইয়ে দন্দ্ব করিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু আমরা চক্রান্তে পা দেব না। আগামী দিনগুলিতেও একজোট হয়ে বাংলাকে রক্ষা করব। এটাই আমাদের বাংলার সংস্কৃতি।'
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায় ৬০ লক্ষের বেশি নাম 'বিচারাধীন' রয়েছে। যার নিষ্পত্তি করতে ব্যবস্থাও নেওয়া হয়েছে। শুক্রবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের কথা থাকলেও তা পিছিয়ে আগামী সোমবার করা হয়েছে।