“যাঁরা প্রকৃত ভোটার (Genuine Voters), তাঁদের নাম কেটে ফেলা হলে আমরা প্রতিটি বিজেপি নেতা-কর্মীকে ধরে ধরে আগুনে পুড়িয়ে দেব।”

বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ মালিক।
শেষ আপডেট: 27 October 2025 14:14
দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) নিয়ে গত কয়েকদিন ধরেই চড়ছে রাজনৈতিক পারদ। এই ইস্যুতে এবার নির্বাচন কমিশনের পাশাপাশি কেন্দ্রের শাসকদল বিজেপিকে নিশানা করে বড় হুঁশিয়ারি দিলেন বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ মালিক (Nishith Malik)।
রবিবার বিকেলে বর্ধমান ২ নম্বর ব্লকের তৃণমূলের প্রতিবাদ মিছিল থেকে কমিশন এবং বিজেপিকে নিশানা করে নিশীথ মালিক বলেন, SIR নিয়ে আমাদের দলগতভাবে কোনও উদ্বেগ নেই — তবে “যাঁরা প্রকৃত ভোটার (Genuine Voters), তাঁদের নাম কেটে ফেলা হলে আমরা প্রতিটি বিজেপি নেতা-কর্মীকে ধরে ধরে আগুনে পুড়িয়ে দেব।”
নিশীথের অভিযোগ, "SIR-র মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি। ওরা বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে, তাই সবাইকে বলব , সতর্ক থাকুন।”
বস্তুত, SIR (Special Intensive Revision)-র কথা রাজ্যে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। তবু ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধনকে কেন্দ্র করে উদ্বেগ বাড়ছে — বিশেষ করে মতুয়া ও রাজবংশী সম্প্রদায়ের মধ্যে, যারা এখনও নাগরিকত্ব না পাওয়ার আশঙ্কায় রয়েছেন।
এ ব্যাপারে মতুয়াদের আশ্বস্ত করে তৃণমূলের বিধায়ক বলেন, “আমি জানি, মতুয়ারা সমস্যার মুখোমুখি হবে। কিন্তু আস্থা রাখুন — প্রতিটি মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই ব্যবস্থা করে দেব।”
তবে রাজ্যের শাসকদলের বিধায়কের হুঁশিয়ারি প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পদ্ম শিবির। বর্ধমানের বিজেপি মুখপাত্র সৌম্যরাজ বন্দ্যোপাধ্যায় বলেন, “তৃণমূল বিধায়কের হুঁশিয়ারি থেকে স্পষ্ট, ওরা রাজনৈতিকভাবে পুরোপুরি দেউলিয়া হয়ে গেছে।" একই সঙ্গে তৃণমূল বিধায়কের জ্বালিয়ে দেওয়া প্রসঙ্গে সৌম্যরাজ বলেন, আগুন জ্বালানোর চেষ্টা করলে কেন্দ্রীয় বাহিনী যা পদক্ষেপ করার করবে। এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।