ইন্ডিগো সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন রুট চালুর ফলে ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং শিক্ষা—তিন ক্ষেত্রেই দুই দেশের মধ্যে যোগাযোগ আরও মজবুত হবে।

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 27 October 2025 12:33
দ্য ওয়াল ব্যুরো: পাঁচ বছরের দীর্ঘ বিরতির পর অবশেষে পুনরায় শুরু হল কলকাতা ও চিনের (Kolkata-China air link to resume after 5 years) গুয়াংজুর মধ্যে বাণিজ্যিক বিমান পরিষেবা। সোমবার থেকে এই দুই শহরের মধ্যে দৈনন্দিন ফ্লাইট চালু করেছে ইন্ডিগো ( IndiGo flights to operate daily)। ফলে ভারত ও চিনের মূলভূখণ্ডের মধ্যে ফের আকাশপথে সংযোগ ফিরে এল।
ইন্ডিগো সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন রুট চালুর ফলে ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং শিক্ষা—তিন ক্ষেত্রেই দুই দেশের মধ্যে যোগাযোগ আরও মজবুত হবে। প্রতিদিন কলকাতা বিমানবন্দর থেকে গুয়াংজুর উদ্দেশে ছাড়বে ইন্ডিগোর বিমান, এবং ফেরার ফ্লাইটও একই দিনে গুয়াংজু থেকে কলকাতায় পৌঁছবে।
করোনা মহামারির কারণে ২০২০ সালে ভারত-চিনের সরাসরি ফ্লাইট পরিষেবা বন্ধ হয়ে যায়। এরপর প্রায় পাঁচ বছর ধরে দুই দেশের মধ্যে আকাশপথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। অবশেষে ইন্ডিগোর এই পদক্ষেপে ফের নতুন করে শুরু হল দুই দেশের মধ্যে সরাসরি যাতায়াত।

বিশেষজ্ঞদের মতে, এই রুট পুনরায় চালু হওয়ায় পূর্ব ভারতের ব্যবসায়ী ও শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে। কলকাতার ব্যবসায়ী মহলও স্বাভাবিকভাবেই খুশি। তাঁদের মতে, “গুয়াংজু দক্ষিণ চিনের অন্যতম বড় শিল্প ও বাণিজ্যকেন্দ্র। সরাসরি বিমান চালু হওয়ায় আমদানি-রফতানি আরও সহজ হবে।”
ইন্ডিগোর এই ফ্লাইট প্রতিদিন কলকাতা থেকে রাত ১০টায় গুয়াংজুর উদ্দেশে ছাড়বে এবং গুয়াংজু থেকে ভোর ৫টা ৩৫ মিনিটে কলকাতার উদ্দেশে রওনা দেবে।
চিন-ভারত সম্পর্কের নতুন অধ্যায়ে এই বিমান পরিষেবা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে বিমান চলাচল মহল।