নির্বাচনের আগে এই উপস্থিতি, শুধু আমন্ত্রণের মর্যাদা, নাকি ভবিষ্যতের সম্ভাবনার ইঙ্গিত—এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।
.jpeg.webp)
হরিহরপাড়ার তৃণমূল বিধায়কের নাতির বৌভাতে হুমায়ুন।
শেষ আপডেট: 2 January 2026 15:44
দ্য ওয়াল ব্যুরো: সাসপেনশন ঘোষণার মঞ্চে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম ও হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ। সেই বৈঠকেই ৩ ডিসেম্বর দলগতভাবে সাসপেন্ড করা হয়েছিল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে (Humayun Kabir)। আর ঠিক এক মাসের মাথায়—সেই নিয়ামত শেখের নাতির বৌভাতের অনুষ্ঠানে হাজির হুমায়ুন! সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট হতেই জমাট বাঁধল নতুন রাজনৈতিক কৌতূহল।
২০ ডিসেম্বর নতুন দল গঠন করে হুমায়ুন ঘোষণা করেছেন—আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Election) তাঁর দল ১৩৫টি আসনে প্রার্থী দেবে এবং সরকার গঠনে “নিয়ন্ত্রক ভূমিকা” নেবে। তাঁর দাবি, তৃণমূলের একাধিক বিধায়ক ও নেতা ইতিমধ্যেই যোগাযোগ করছেন।
সে অবস্থায় তৃণমূল বিধায়ক নিয়ামতের পারিবারিক অনুষ্ঠানে তাঁর উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল বেড়েছে। জেলার মাটিতে কান পাতলেই ভেসে আসছে নানাবিধ জল্পনা। এ ব্যাপারে প্রশ্ন করা হলে হুমায়ুনের জবাব, “এটা ওনার এবং ওনার দলের বিষয়। আমার এ নিয়ে কোনও মন্তব্য নেই। সময় এলে কে কোথায় থাকবেন—তা ওনারাই বলবেন।”
তবে সাসপেনশনের প্রসঙ্গ তুলে তিনি যোগ করেন, “দলের নির্দেশে উনি আমার সাসপেনশনের প্রেস কনফারেন্সে ছিলেন—এটা সত্যি।”
ব্যক্তিগত সম্পর্কের কথা ফের উল্লেখ করে হুমায়ুন বলেন, “নিয়ামতদার সঙ্গে আমার বহু দিনের সম্পর্ক। ওনার নাতির বিয়েতে যেতে পারিনি, তাই বৌভাতে বিশেষ করে ডাকেন। দেরি করে পৌঁছলেও উনি নিজে পাশে বসিয়ে খাওয়ালেন। আমি যা খেতে ভালবাসি, সবই খাইয়েছেন—মটন ঠান্ডা হয়ে গেলে ক্যাটারারকে ধমক দিয়ে গরম করিয়েছেন।”
রাজনৈতিক যোগের তত্ত্ব খারিজ করে তাঁর বক্তব্য, “এখানে রাজনীতি নেই, শ্রদ্ধার সম্পর্ক আছে। উনি সম্পর্ক ছিন্ন না করা পর্যন্ত আমার পক্ষ থেকে সম্পর্ক থাকবে, যতদিন বাঁচব।”
অর্থাৎ ছবির এক ফ্রেমেই একদিকে সাসপেনশন-স্মৃতি, অন্যদিকে সৌজন্যের উষ্ণতা। যা নিয়ে জল্পনা ছড়িয়েছে তৃণমূল ও জেলা রাজনীতিতে। নির্বাচনের আগে এই উপস্থিতি, শুধু আমন্ত্রণের মর্যাদা, নাকি ভবিষ্যতের সম্ভাবনার ইঙ্গিত—এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। সময়েই মিলবে সদুত্তর।