খুনের ঘটনায় রাজনৈতিক চাপানউতরের পাশাপাশি এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন।

হাওড়ায় প্রোমোটার খুনে তুমুল উত্তেজনা
শেষ আপডেট: 25 February 2026 15:45
দেবাশিস গুছাইত, হাওড়া: গোলাবাড়ি–পিলখানা এলাকায় প্রোমোটার খুনের ঘটনায় বুধবার ভোর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। প্রকাশ্যে গুলি (Shootout) চালিয়ে ২৭ বছর বয়সি তরুণ প্রোমোটার সৌফিক খানকে খুন (Murder) করা হয় বলে অভিযোগ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে চারটার কিছু আগে দুই ব্যক্তি হেঁটে এসে সফিকের ওপর অতর্কিতে হামলা চালায়। অভিযোগ, খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে পরপর গুলি ছোড়া হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় হাওড়া সিটি পুলিশের (Howrah city Police) একটি বড় দল। এই ঘটনায় হারুন খান ও রোহিত নামে দুই যুবকের নাম সামনে এসেছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নিহতের সঙ্গে এলাকার দুই দুষ্কৃতীর পুরনো বিবাদ ছিল। আর্থিক লেনদেন ও চাঁদার জুলুমের অভিযোগও সামনে এসেছে। মৃতের পরিবারের দাবি, “ওকে অনেকদিন ধরেই টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। টাকা না দেওয়াতেই এই পরিণতি।” এ ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
ঘটনার পর ফরেন্সিক দল ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্তকারীরা গুলির খোল, রক্তের নমুনা ও আশপাশের ফুটেজ সংগ্রহ করেন। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ব্যক্তিগত শত্রুতা, আর্থিক লেনদেন—কোনও সম্ভাবনাই উড়িয়ে দেওয়া হচ্ছে না।” ভোটের আগে প্রোমোটার খুনের ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। রাজনৈতিক মহল থেকেও কড়া প্রতিক্রিয়া মিলেছে।
বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রাই অভিযোগ করেন, অভিযুক্তরা উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী-র (TMC MLA Goutam Chowdhury ) ঘনিষ্ঠ। যদিও বিধায়ক এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, আইন আইনের পথে চলবে এবং দোষীদের শাস্তি হবেই।
এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিধায়ক মৃতের বাড়িতে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িতেও চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। টহলদারি বাড়ানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। খুনের ঘটনায় রাজনৈতিক চাপানউতরের পাশাপাশি এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন।