ঠিকাদারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা।

নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 30 October 2025 20:08
দ্য ওয়াল ব্যুরো: দিঘা (Horrific Accident, Digha) ঢোকার মুখেই ছুটি আনন্দের বদলে হঠাৎ আতঙ্ক!
বৃহস্পতিবার সন্ধ্যেয় কলকাতা থেকে দিঘার পথে আসা একটি যাত্রীবাহী বাস রাস্তার কাজের জন্য খোঁড়া খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনায় আহত হন অন্তত ১২ জন পর্যটক (12 Tourists Injured)। তাঁদের সকলকেই তড়িঘড়ি দিঘা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। দিঘার প্রবেশ মুখে একটি পিকআপ ভ্যানকে সাইট দিতে গিয়েই চালক নিয়ন্ত্রণ হারান। রাস্তার পাশে খোঁড়া অংশে ব্যারিকেড বা কোনো সতর্কীকরণ বোর্ড ছিল না, ফলে চালকও সতর্ক হওয়ার সুযোগ পাননি। মুহূর্তের মধ্যেই বাসটি খাদে পড়ে যায়।
খবর পেয়ে দিঘা কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে নামে। স্থানীয় ক্লাবের যুবকেরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ঘটনার পর থেকেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার কাজের ঠিকাদার এবং কর্মীদের গাফিলতির জেরেই এই দুর্ঘটনা। আগেও একই জায়গায় একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাঁদের। অভিযোগ উঠেছে, রাস্তার কাজে নিরাপত্তা মানা হচ্ছে না, রাতে কোনো আলোর ব্যবস্থাও নেই।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঠিকাদার সংস্থার তরফে এখনো পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।