দিন কয়েক আগে পুজো উপলক্ষে বাংলাদেশ সরকার বিশেষ অনুমতি দিয়ে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রফতানির সিদ্ধান্ত নিয়েছিল। তার প্রথম কিস্তি হিসাবে এদিন ৫০ মেট্রিক টন ইলিশ বনগাঁ সীমান্ত হয়ে আসে হাওড়ায়।

ফাইল ছবি
শেষ আপডেট: 18 September 2025 11:07
দ্য ওয়াল ব্যুরো: দুর্গা পুজোর (Durga Puja) আর মাত্র কদিন বাকি। তার আগেই খাদ্যরসিক বাঙালির (Bengaliees) জন্য সুখবর। বহু প্রতীক্ষিত পদ্মার ইলিশ (Hilsa Fish) এসে পৌঁছল কলকাতায় (Kolkata)। বুধবার গভীর রাতে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ইলিশ ভর্তি একাধিক ট্রাক ঢোকে হাওড়া স্টেশন সংলগ্ন পাইকারি মাছ বাজারে। আর আজ ভোর থেকেই সেই মাছ সংগ্রহে নেমে পড়েন শহর ও হাওড়ার খুচরো ব্যবসায়ীরা।
দিন কয়েক আগে পুজো উপলক্ষে বাংলাদেশ সরকার বিশেষ অনুমতি দিয়ে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রফতানির সিদ্ধান্ত নিয়েছিল। তার প্রথম কিস্তি হিসাবে এদিন ৫০ মেট্রিক টন ইলিশ বনগাঁ সীমান্ত হয়ে আসে হাওড়ায়। এতে খুশির হাওয়া বইছে ব্যবসায়ী মহলে।
জানা গেছে, মূলত ৮০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশই এসেছে প্রথম দফায়। পাইকারি বাজারে নিলামের পর সেই মাছ পৌঁছবে খুচরো বাজারে। অনুমান করা হচ্ছে, খুচরো দরে কিলো প্রতি দাম পড়তে পারে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকা বা তারও বেশি।
পুজোর আগে পদ্মার ইলিশের আগমনে উচ্ছ্বসিত ভোজনরসিক বাঙালি। কেবল ব্যবসায়ী নয়, ইলিশপ্রেমী সাধারণ ক্রেতাদের কাছেও এ যেন এক উৎসবের শুরু।
ইতিমধ্যে জানা গেছে, পেট্রাপল সীমান্তে প্রথমে তিনটি ট্রাক এবং পরে আরও পাঁচটি ট্রাকে ইলিশ এসে পৌঁছেছে। বাংলাদেশের বাণিজ্যিক দফতর জানিয়েছে, মোট ৩৭টি সংস্থাকে ইলিশ রফতানির দায়িত্ব দেওয়া হয়েছে। এই রফতানি কার্যক্রম চলবে অক্টোবর মাসের ৫ তারিখ পর্যন্ত।
আগামী কয়েক ধাপে আরও ইলিশ ভারতে পৌঁছাবে। ফলে শারদ উৎসবের দিন বাংলার বিভিন্ন বাজারে সহজেই বাংলাদেশী ইলিশ পাওয়া যাবে। ভোজনরসিক বাঙালিরা এবার উৎসবের আনন্দে পদ্মার ইলিশ দিয়ে ভুরিভোজ সারতে পারবেন।
বাংলাদেশে এবার ইলিশের উৎপাদন স্মরণককালের মধ্যে সবচেয়ে কম। তা সত্ত্বেও দুর্গাপুজোর সময় বিগত বছরগুলির মতো এবারও ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে মহম্মদ ইউনুস সরকার। শেখ হাসিনার সরকারের সময়ে চালু ইলিশ কূটনীতি চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা।