পেট্রাপল সীমান্তে প্রথমে তিনটি ট্রাক এবং পরে আরও পাঁচটি ট্রাকে ইলিশ এসে পৌঁছেছে। বাংলাদেশের বাণিজ্যিক দফতর জানিয়েছে, মোট ৩৭টি সংস্থাকে ইলিশ রফতানির দায়িত্ব দেওয়া হয়েছে।
.jpg.webp)
পুজোর আগেই এল ইলিশ
শেষ আপডেট: 17 September 2025 22:06
দ্য ওয়াল ব্যুরো: শারদোৎসবের আগে বাংলার ভোজনরসিকদের জন্য সুখবর এল। বাংলাদেশের পদ্মা নদীর রুপোলি ইলিশ (Bangladeshi Ilish) প্রথমবারের মতো এ বছর রাজ্যে পৌঁছেছে। পেট্রাপল সীমান্ত দিয়ে মোট আটটি ট্রাকে প্রায় ৩৮ মেট্রিক টন ইলিশ (Hilsa Fish) ভারতে আনা হয়েছে।
বাংলাদেশের বাণিজ্য মন্ত্রকের অনুমতি অনুযায়ী, পশ্চিমবঙ্গে এ বছর মোট ১২০০ মেট্রিক টন ইলিশ পাঠানো হবে। তারই প্রথম ধাপে আজ এই ইলিশ ভারতে প্রবেশ করল। কাস্টমস আধিকারিকদের মতে, পরবর্তীতে আরও কয়েক দফায় বাংলাদেশ থেকে মাছ ভারতে আসবে।
পেট্রাপল সীমান্তে প্রথমে তিনটি ট্রাক এবং পরে আরও পাঁচটি ট্রাকে ইলিশ এসে পৌঁছেছে। বাংলাদেশের বাণিজ্যিক দফতর জানিয়েছে, মোট ৩৭টি সংস্থাকে ইলিশ রফতানির দায়িত্ব দেওয়া হয়েছে। এই রফতানি কার্যক্রম চলবে অক্টোবর মাসের ৫ তারিখ পর্যন্ত।

<strong>বনগাঁয় বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বাংলাদেশ থেকে আসা ইলিশ গ্রহণ করলেন কলকাতায় কর্মরত সে দেশের উপ হাই কমিশনার সিকদার মহম্মদ আশরাফুর রহমান</strong>
প্রায় এক থেকে দেড় কিলোর ওজনের এই ইলিশের রফতানি মূল্য প্রতি কিলো ১২ ডলার ৫০ সেন্ট, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১ হাজার ৫৫০ টাকার সমান। স্থানীয় বাজারে দাম ঠিক কত হবে, তা মাছ ব্যবসায়ীরা এখনও প্রকাশ করেননি।
ক্লিয়ারিং এজেন্ট ফিরোজ মণ্ডল জানিয়েছেন, আগামী কয়েক ধাপে আরও ইলিশ ভারতে পৌঁছাবে। ফলে শারদ উৎসবের দিন বাংলার বিভিন্ন বাজারে সহজেই বাংলাদেশী ইলিশ পাওয়া যাবে। ভোজনরসিক বাঙালিরা এবার উৎসবের আনন্দে পদ্মার ইলিশ দিয়ে ভুরিভোজ সারতে পারবেন।
পুজোর আগে এই ইলিশের আগমন অনেকেই মনে করছেন উৎসবের আনন্দ আরও বাড়াবে। তাই এবারের শারদ উৎসবে বঙ্গের ভোজনরসিকরা সিজনের তাজা ও সুস্বাদু ইলিশের স্বাদ উপভোগ করতে পারবেন।