অনিরুদ্ধ কুমার রায় বলেন, মা দুর্গা যেমন মহাশক্তির প্রতীক, সব অশুভশক্তি ও শত্রুর হাত থেকে রক্ষা করার প্রতীক; তেমনি পৃথিবীর প্রত্যেক মা বুক দিয়ে তাঁর সন্তানদের আগলে রাখেন।

ফাইল ছবি
শেষ আপডেট: 18 September 2025 09:32
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh) মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ৭৭টি পুজো কমিটিকে (Puja Committee) এবারও ২০ হাজার টাকা করে অনুদান (Donation) দিলেন লেদার ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক অনিরুদ্ধ কুমার রায়। বাংলাদেশের এই শিল্পপতি (Industrialist) গত ২৫ ধরে মা গীতা রায়ের নামে পুজোয় অনুদান দিয়ে আসছেন। বিশিষ্ট এই শিল্পপতি বাংলাদেশে বেলারেশের অনারারি কনসাল জেনারেল। ব্যবসা সূত্রে ঢাকায় থাকলেও জন্মস্থান সিঙ্গাইরের সঙ্গে সম্পর্ক অটুট।
বুধবার দুপুরে সিঙ্গাইর শহরে আঙ্গারিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে পুজো কমিটির সদস্যদের ২০ হাজার টাকা করে তুলে দেন তিনি।

সহায়তা পাওয়া তারেবপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর সর্বজনীন দুর্গামন্দিরের সভাপতি মহানন্দ কীর্তনীয়া বলেন, পূজায় মণ্ডপে প্রতিমা তৈরিসহ বিভিন্ন জিনিসপত্র কেনাকাটায় বেশ খরচ হয়। পুজোর অনেকটা খরচ এই অনুদানের টাকায় মেটানো যাবে।
প্রত্যেকেই অনিরুদ্ধ রায়ের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁদের একজন জয়মণ্ডপ ইউনিয়নের বানিয়ারা পঞ্চায়েত দুর্গামন্দিরের সাধারণ সম্পাদক চন্দ্র সরকারের কথায়, ‘এই টাকায় মা দুর্গার গয়না ও শাড়ি কিনব আমরা। পুজো কমিটির খুব উপকার হল।
অনিরুদ্ধ কুমার রায় বলেন, মা দুর্গা যেমন মহাশক্তির প্রতীক, সব অশুভশক্তি ও শত্রুর হাত থেকে রক্ষা করার প্রতীক; তেমনি পৃথিবীর প্রত্যেক মা বুক দিয়ে তাঁর সন্তানদের আগলে রাখেন। সন্তানেরও কর্তব্য মাকে ভক্তি, শ্রদ্ধা ও সেবা করা। সেই সঙ্গে মায়ের অপূরণীয় ঋণের কিছুটা হলেও পরিশোধের চেষ্টা করা। মায়ের প্রতি ভক্তি ও শ্রদ্ধার জায়গা থেকেই তিনি এই সহায়তা দিয়ে আসছেন।
বাংলাদেশ সরকারও অনিরুদ্ধ রায়ের এই উদ্যোগের প্রশংসা করেছে। বুধবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত। তিনিই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। প্রধান অতিথি ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা।
এ ছাড়া ভাষণ দেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেনকান্ত পণ্ডিত ভজন, সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জে ও এম তৌফিক আজম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক ইতি রানী সাহা প্রমুখ।