সুপ্রিম কোর্টের নির্দেশের পর এসআইআর প্রক্রিয়া ঘিরে যে আইনি প্রশ্ন উঠেছিল, তা স্পষ্ট করতে কলকাতা হাইকোর্টে এদিন একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। নির্বাচন কমিশন ও প্রধান বিচারপতির মধ্যে এই আলোচনায় মূলত বিচার বিভাগের তরফে উত্থাপিত নানা প্রশ্নের ব্যাখ্যা দেওয়া হয়।

ফাইল ছবি
শেষ আপডেট: 23 February 2026 20:54
দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের নির্দেশ (Supreme Court SIR) মেনে তথ্যগত অসঙ্গতি (Logical Discrepency) খতিয়ে দেখতে গঠিত বিচারক কমিটি ইতিমধ্যেই কাজ শুরু করেছে। কিছু জায়গায় প্রযুক্তিগত সমস্যা থাকলেও তা দ্রুত মিটে যাবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল (CEO Manoj Agarwal)। সোমবার তিনি জানান, প্রক্রিয়া এখন স্বাভাবিক গতিতেই এগোচ্ছে।
সুপ্রিম কোর্টের নির্দেশের পর এসআইআর প্রক্রিয়া ঘিরে যে আইনি প্রশ্ন উঠেছিল, তা স্পষ্ট করতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এদিন একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। নির্বাচন কমিশন ও প্রধান বিচারপতির মধ্যে এই আলোচনায় মূলত বিচার বিভাগের তরফে উত্থাপিত নানা প্রশ্নের ব্যাখ্যা দেওয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সুজয় পাল, বিচারপতি তপোব্রত চক্রবর্তী, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, রেজিস্টার জেনারেল, রাজ্যের মুখ্য সচিব, বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিক এবং জেলা বিচারকরা।
আলোচনার অন্যতম সিদ্ধান্ত, নির্বাচন কমিশন প্রতিদিন এসআইআর সংক্রান্ত অগ্রগতির রিপোর্ট হাইকোর্টে জমা দেবে। কমিশনের চালু করা পোর্টালের প্রদর্শনও এদিন করা হয়। বিচার বিভাগীয় আধিকারিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কমিশনের প্রতিনিধিরা। পোর্টালে কীভাবে নথি আপলোড, যাচাই ও মুছে ফেলা হবে - সেই সম্পূর্ণ প্রক্রিয়া বিস্তারিতভাবে দেখানো হয়।
এছাড়া বিচার বিভাগীয় আধিকারিকরা কীভাবে নথি পরীক্ষা করবেন, সিদ্ধান্ত নেবেন, আবেদন গ্রহণ বা বাতিল হলে তার কারণ কীভাবে জানাবেন - সেই পদ্ধতিও ব্যাখ্যা করা হয়। কমিশনের দাবি, যে সব আইনি জটিলতা ছিল, সেগুলির ব্যাখ্যা ইতিমধ্যেই স্পষ্ট করা হয়েছে। পুরো বিষয়টি এখন ধারাবাহিক প্রশাসনিক ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে। জুডিশিয়াল অফিসার সহ সকলের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলেও জানিয়ছে কমিশন। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার আশ্বাসও দেওয়া হয়েছে।
আজ পর্যন্ত কী কাজ হয়েছে এবং আগামী দিনে কোন নিয়ম মেনে এগোতে হবে, তা নিয়ে একটি সুস্পষ্ট নির্দেশিকাও তৈরি হয়েছে। কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, নির্ধারিত নির্দেশিকার বাইরে কোনও পদক্ষেপ করা যাবে না। কমিশনের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে, সব নিয়ম মেনে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
ভবিষ্যতে নতুন করে আইনি প্রশ্ন উঠলে আবার বৈঠক হতে পারে, যদিও আপাতত তেমন কোনও নির্দেশ নেই। সংশ্লিষ্ট মহলের মতে, সুপ্রিম কোর্টের নির্দেশ, হাইকোর্টে তার কার্যকর প্রক্রিয়া এবং কমিশন ও বিচার বিভাগের সমন্বয় - এই তিন স্তম্ভের ওপর ভর করেই এসআইআর সংক্রান্ত কাজ স্বচ্ছ ও সুসংগঠিত পথে এগোনোর রূপরেখা তৈরি হল।