সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিকে দেখা গেছে, হাসপাতালের বেডে শুয়ে হিরো আলম। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন।

হিরো আলম
শেষ আপডেট: 30 September 2025 10:44
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর (Bangladesh content creator) আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে (Hero Alam) একদল দুষ্কৃতী ঘিরে ধরে ব্যাপক মারধর করেছে। গণপিটুনিতে জ্ঞান হারান তিনি (Hero Alam attacked)। তাঁর অবস্থা গুরুতর। তিনি একই সঙ্গে সঙ্গীত ভিডিও মডেল, অভিনেতা, গায়ক, রাজনীতিবিদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত ব্যক্তি। বছর চল্লিশের এই কনটেন্ট ক্রিয়েটর এর আগেও একাধিকবার হামলার শিকার হয়েছেন। বছরভর আলোচনায় থাকা হিরো আলম এপারেও বেশ জনপ্রিয়।
ঢাকা পুলিশ জানিয়েছে, সোমবার রাতে রাজধানীর রামপুরায় এই শিল্পীকে ঘিরে ঘরে বাইক বাহিনী। ব্যাপক মারধর করে রাস্তায় ফেলে গা ঢাকা দেয় দুষ্কৃতীরা। ঢাকার পরিস্থিতি এখন এমন যে কেউ তাঁকে রক্ষা কতে এগিয়ে যায়নি। দুষ্কৃতীরা একালাকা ছাড়লে পুলিশের সাহায্যে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালের খবর, তাঁর জ্ঞান ফেরেনি। একটু আগে ঢাকার একটি বড় বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে তাঁর স্ত্রী রিয়া মণি জানিয়েছেন। তাঁর কথায়, চিকিৎসকেরা বলে দিয়েছেন, অবস্থা অতটাই খারাপ যে কোনও সময় খারাপ কিছু হয়ে যেতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিকে দেখা গেছে, হাসপাতালের বেডে শুয়ে হিরো আলম। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন।
এই সব ছবি ভাইরাল করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর ফ্যানেরা ঘটনায় নিন্দায় সরব হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। ঢাকায় এমন হামলার ঘটনা অবশ্য নতুন নয়। চুরি, ছিনতাই, ডাকাতির পাশাপাশি দেদার চলছে মব হামলা। আচমকাই কাউকে ঘিরে ঘরে মারধর নয়া প্রবণতায় পরিণত হয়েছে।
জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের পরিচিতির আরও কিছু কারণ আছে। তিনি রাজনীতির বিষয়েও সমান আগ্রহী। নানা ঘটনায় সরব হয়েছেন সরকারের বিরুদ্ধেও। আওয়ামী লিগ আমলে একাধিকবার প্রশাসনের আক্রোশের শিকার হন। প্রতিবাদী ব্যক্তিত্ব হিসাবে একাধিকবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জিততে না পারলেও আওয়ামী লিগ এবং বিএনপি দুই দলের প্রার্থীদের কাছেই অল্প ভোটের ব্যবধানে হেরে যান। কনটেন্ট ক্রিয়েটার এবং অভিনেতা হিসাবে তাঁর জনপ্রিয়তাই ভোটের বাক্সে প্রতিফলিত হয় বলে মনে করা হচ্ছে। বিশেষ করে তরুণ সমাজ ও মহিলাদের মধ্যে তিনি তুমুল জনপ্রিয়। আওয়ামী লিগ এবং বিএনপি, দুই দলের হাতেই একাধিকবার আক্রান্ত হয়েছেন তিনি। সেই সব ঘটনায় রাষ্ট্রসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র-সহ একাধিক দেশ উদ্বেগ প্রকাশ করে।
একদা গ্রামে সিডি বিক্রেতা হিরো আলম নিজেই একদিন সঙ্গীত ভিডিও তৈরি করেন। ২০১৬ সাল থেকে বাংলাদেশে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে তাঁর জনপ্রিয়তা দেশের নামীদামি শিল্পীদেরও হার মানিয়ে দেয়। সেই জনপ্রিয়তার কারণেই দেশের সংবাদমাধ্যম তো বটেই, বিবিসি, সিএনএন, আল জারিরার মতো আন্তর্জাতিক মিডিয়াও তাঁকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।