জেলা পুলিশ জানিয়েছে, শুধুমাত্র ছোট চারচাকা গাড়ি ও বাইক চলাচল করতে পারবে। ফাঁকা বাস চলার ক্ষেত্রে কিছুটা ছাড় থাকলেও, পিলারে ধরা পড়া ফাটল ও গর্ত ঘিরে বাড়ছে উদ্বেগ।

ফাইল ছবি।
শেষ আপডেট: 2 August 2025 08:10
দ্য ওয়াল ব্যুরো: বীরভূমের তিলপাড়া ব্যারাজে (Tilpara Barrage) এবার বন্ধ হল ভারী যান চলাচল (Heavy Vehicles)। শুক্রবার সন্ধে থেকেই অনির্দিষ্টকালের জন্য জারি হল এই নিষেধাজ্ঞা।
জেলা পুলিশ জানিয়েছে, শুধুমাত্র ছোট চারচাকা গাড়ি ও বাইক চলাচল করতে পারবে। ফাঁকা বাস চলার ক্ষেত্রে কিছুটা ছাড় থাকলেও, পিলারে ধরা পড়া ফাটল ও গর্ত ঘিরে বাড়ছে উদ্বেগ।
জেলা পুলিশ সুপার আমনদীপ ঘটনাস্থল পরিদর্শনের পর জানান, ‘‘ভারী গাড়ি ঘুরপথে চালানো হবে। ইতিমধ্যেই যেগুলি সেতুর কাছে চলে এসেছে, সেগুলি ঘুরিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে।’’
প্রশাসন সূত্রের খবর, ব্যারাজের নীচে থেকে বালি-মাটি সরে গিয়ে তৈরি হয়েছে গর্ত। জল ছাড়ার কাজ শুরুর পরই ক্ষতিগ্রস্ত হয়েছে সংস্কারের কাজ। ব্যারাজের পিলারেও একাধিক ফাটল ধরা পড়েছে।
পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার ঘটনাস্থলে হাজির হন রাজ্য সেচ দফতরের চার সদস্যের প্রতিনিধি দল। চিফ ইঞ্জিনিয়ার দেবাশিস সেনগুপ্ত জানান, “অবস্থা ভালো নয় (Structural Damage)। বেড অনেকটাই নীচে নেমে গিয়েছে, সেটা পূরণ করাটাই এখন বড় চ্যালেঞ্জ।’’
প্রশাসনের দাবি, যত দ্রুত সম্ভব ব্যারাজ মেরামত করে স্বাভাবিক যান চলাচল ফেরানোর চেষ্টা চলছে। তবে আপাতত বিকল্প রুট ব্যবহারেই ভরসা যাত্রী ও পরিবহণ ব্যবস্থার।