টানা বৃষ্টিতে উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়। দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর-সহ একাধিক জেলায় ট্রেন পরিষেবা ব্যাহত। বাতিল হয়েছে কিছু, অনেকগুলো চলছে ঘুরপথেও। নবান্নে পর্যটকদের জন্য খোলা হল ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম।

উত্তরবঙ্গের বর্তমান অবস্থা
শেষ আপডেট: 5 October 2025 12:35
দ্য ওয়াল ব্যুরো: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক এলাকা। বাঁধ পেরিয়ে ভাসছে নদী। জলের স্রোতে ভেঙেছে দুধিয়া ও বিজনবাড়ি সেতু। মারাত্মক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে আটকে পড়েছেন পর্যটকরা। তাঁদের হোটেলেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর দিনাজপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং ও কালিম্পঙ জেলায় আরও বৃষ্টি বাড়তে পারে।
ভারী বর্ষণ ও একাধিক লাইনে জল জমে থাকায় রেল পরিষেবা ব্যাহত হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেল জানিয়েছে, রবিবার সকাল থেকে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। তার মধ্যে রয়েছে শিলিগুড়ি-ধুবড়ি ডেমু, এনজেপি-আলিপুরদুয়ার পর্যটক স্পেশাল এবং শিলিগুড়ি-বামনহাট এক্সপ্রেস। কিছু ট্রেন নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর আগেই থামিয়ে দিতে হয়েছে, যেমন বিন্নাগুড়ি বা গুলমা স্টেশনে যাত্রা শেষ হয়েছে কয়েকটি ট্রেনের।
এদিকে, শিয়ালদহ-আলিপুরদুয়ার এক্সপ্রেস এবং সিকিম-মহানন্দা এক্সপ্রেস ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। শিয়ালদহ থেকে আলিপুরদুয়ার জংশনগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস এবং আলিপুরদুয়ার জংশন থেকে দিল্লিগামী মহানন্দা এক্সপ্রেস নিউ কোচবিহার ঘুরে যাবে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গেও বৃষ্টির প্রভাব রয়েছে। কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি হয়েছে। আবার উত্তরবঙ্গের একাধিক জেলায় রেড অ্যালার্ট জারি হওয়ায় চিন্তা আরও বাড়ছে।
পুজো কার্নিভালের দিনেও এই বৃষ্টির দাপট জারি থাকায় রাজ্যের দুই প্রান্তেই ভ্রমণ ও যাতায়াতে সমস্যা তুঙ্গে। সাধারণ মানুষ থেকে পর্যটক, সকলকেই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।