হোটেল ভাড়ায় জিএসটি ছাড়ে সস্তা হচ্ছে পাহাড়–ডুয়ার্স ভ্রমণ

ফাইল ছবি।
শেষ আপডেট: 8 September 2025 20:57
দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ বন্যা ও ধসের জেরে মে মাসের শেষ থেকে কার্যত বন্ধ ছিল উত্তর সিকিমে পর্যটন। দীর্ঘ তিন মাস পর অবশেষে ফের খুলে গেল লাচুং, ইয়ুমথাং ও জিরো পয়েন্ট (North Sikkim is reopening)। সোমবার থেকেই পর্যটকদের (Travelers) জন্য খুলে দেওয়া হচ্ছে এই জনপ্রিয় ডেস্টিনেশনগুলি। তবে আপাতত বন্ধ থাকছে লাচেন ও গুরুদংমার লেক।
পুজোর আগে (Durga Puja) পর্যটকদের জন্য আরও এক চমক—২৭ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হবে ভারত-চীন-ভুটান সীমান্তের যুদ্ধক্ষেত্র ডোকলাম ও চোলা পাস। নাথু লার পাশাপাশি নতুন এই অ্যাডভেঞ্চার ট্যুরিজম ডেস্টিনেশন পর্যটনে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন ব্যবসায়ীরা।
অন্যদিকে ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে হোটেল ভাড়ায় জিএসটি ছাড়। দৈনিক সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত ভাড়ায় ১২ শতাংশ থেকে জিএসটি নেমে আসছে ৫ শতাংশে। ফলে পুজোর মরশুমে পাহাড়–ডুয়ার্সে মধ্যবিত্তের ভিড় উপচে পড়বে বলেই আশা। ইতিমধ্যেই ডুয়ার্সে প্রায় ৬০ শতাংশ বুকিং হয়ে গিয়েছে।
এক পর্যটন ব্যবসায়ীর কথায়, “লাচুং, ইয়ুমথাং ও জিরো পয়েন্ট খুলে যাওয়ায় পুজোর সময় পর্যটকের ঢল নামবেই।” অন্যদিকে অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের আহ্বায়ক রাজ বসু বলেন, “জিএসটি ছাড় পর্যটনকে নতুন গতি দেবে। পাহাড়–ডুয়ার্সের পাশাপাশি আমরা আন্তর্জাতিক পর্যটন বাজারেও টেক্কা দিতে পারব।”
একদিকে উত্তর সিকিমের দৃষ্টিনন্দন উপত্যকা, অন্যদিকে সস্তা হোটেল ভাড়া—সব মিলিয়ে পুজোয় পাহাড়–ডুয়ার্সে এবার ভিড় ঠাসা হওয়ারই পূর্বাভাস।