বাংলা ভাষাকে সম্মান জানাতে এবং শহরের নিজস্ব চেহারা বজায় রাখতে কলকাতা পুরসভার তরফে জারি হল নতুন নির্দেশিকা।

ফাইল ছবি।
শেষ আপডেট: 8 September 2025 19:41
দ্য ওয়াল ব্যুরো: শহরের আকাশছোঁয়া বহুতল থেকে পাড়ার ছোট্ট দোকান—সর্বত্র সাইনবোর্ডে বাংলাই থাকতে হবে প্রথমে (Bengali is mandatory on signboards)। বাংলা ভাষাকে সম্মান জানাতে এবং শহরের নিজস্ব চেহারা বজায় রাখতে কলকাতা পুরসভার তরফে জারি হল নতুন নির্দেশিকা (municipality issued strict guidelines)। পুরসভার সচিবের তরফে প্রকাশিত সার্কুলারে বলা হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব সাইনবোর্ডে এই নিয়ম কার্যকর করতে হবে।
সার্কুলারে স্পষ্ট উল্লেখ, সাইনবোর্ডে সর্বাগ্রে থাকতে হবে বাংলায় নাম। এরপর প্রয়োজন অনুসারে অন্য ভাষা ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ দোকান, অফিস, মার্কেট কমপ্লেক্স, কমার্শিয়াল বিল্ডিং কিংবা যে কোনও প্রতিষ্ঠানের নামের বোর্ডে বাংলা ছাড়া আর কোনও বিকল্প থাকছে না। পুরসভা সূত্রে খবর, প্রাথমিকভাবে অনুরোধ জানানো হলেও ভবিষ্যতে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।
এর আগে সরকারি সাইনবোর্ডে বাংলার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি পুরসভার মাসিক অধিবেশনেও প্রশ্ন ও প্রস্তাব বাংলায় লেখার অলিখিত নিয়ম কার্যকর হয়েছে। মেয়র ফিরহাদ হাকিম নিজে বহুবার শহরবাসীকে বাংলায় সাইনবোর্ড লেখার আহ্বান জানিয়েছিলেন। এবার আইনের পরামর্শ নিয়েই আনুষ্ঠানিক সার্কুলার জারি করল পুরসভা।
পুরসভা কর্তৃপক্ষের দাবি, এই সিদ্ধান্ত কেবল বাংলার মর্যাদার প্রশ্ন নয়, সাধারণ মানুষের সুবিধার কথাও মাথায় রেখেই নেওয়া হয়েছে। শহরে প্রতিদিন বহু মানুষ কাজের সূত্রে আসেন যাঁরা বাংলাভাষী। তাঁদের জন্য স্থানীয় ভাষায় সাইনবোর্ড অত্যন্ত জরুরি। একইসঙ্গে এ রাজ্যের সাংস্কৃতিক পরিচয়কেও আরও স্পষ্ট করবে এই পদক্ষেপ।
ভাষাপ্রেমী মহল মনে করছে, পুরসভার এই সিদ্ধান্ত শহরের ভাষা-পরিচয় রক্ষার ক্ষেত্রে ঐতিহাসিক পদক্ষেপ। কলকাতার বুকে বাংলা সাইনবোর্ড বাধ্যতামূলক হওয়া মানে এই শহর তার মাটির গন্ধ, সংস্কৃতি ও ঐতিহ্যকেই তুলে ধরবে নতুনভাবে।