দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়-এ রাস্তা তৈরির সময় রাসায়নিকের ড্রাম ফেটে ভয়াবহ বিস্ফোরণ।

ফাইল চিত্র
শেষ আপডেট: 17 February 2026 22:03
দ্য ওয়াল ব্যুরো: রাস্তা তৈরির কাজে ব্যবহৃত রাসায়নিকভর্তি ড্রাম (Chemical Drum Explosion in Bhangar) ফেটে ভয়াবহ দুর্ঘটনা, জখম চার শিশু। মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থানার মধ্য খড়গাছি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটকপুকুর থেকে চুটকির মোড় পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ চলছিল। সেই কাজের জন্য রাস্তার ধারে কয়েকটি রাসায়নিকের ড্রাম রাখা ছিল।
কীভাবে সেই ড্রামে বিস্ফোরণ ঘটল, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও আচমকাই বিকট শব্দে একটি ড্রাম ফেটে যায়। সেই সময় ঘটনাস্থলের কাছেই খেলছিল চার শিশু। বিস্ফোরণে তারা গুরুতর জখম হয়। আহতদের মধ্যে সাদিকুল নামে এক শিশু যন্ত্রণায় ছটফট করতে করতে পাশের একটি পুকুরে ঝাঁপ দেয় বলে জানা গিয়েছে।
স্থানীয় বাসিন্দারাই দ্রুত আহত শিশুদের উদ্ধার করে নলমুড়ি ব্লক হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদের অবস্থার অবনতি হওয়ায় এম আর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুলিশের আধিকারিকেরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিড়ির আগুন থেকেই এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।