সোমবার কলকাতায় বিজেপি দফতরে শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায়দের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন বঙ্কিম বিশ্বাস। একসময় হুগলির গুড়াপ সহ বিভিন্ন থানায় ওসি'র দায়িত্বে ছিলেন তিনি।

শেষ আপডেট: 9 December 2025 12:24
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: তিনি ওসি থাকার সময় আক্রান্ত হয়েছিলেন, এমনটাই অভিযোগ বিজেপি কর্মীদের। সেই প্রাক্তন পুলিশ আধিকারিক বঙ্কিম বিশ্বাস বিজেপিতে যোগ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন দলের কর্মীরা।
সোমবার কলকাতায় বিজেপি দফতরে শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায়দের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন বঙ্কিম বিশ্বাস। একসময় হুগলির গুড়াপ সহ বিভিন্ন থানায় ওসি'র দায়িত্বে ছিলেন তিনি। হাওড়ার ব্যাটরা থানায় আইসি থাকাকালীন স্বেচ্ছাবসর নেন। চাকরি ছাড়ার পর বিজেপিতে যোগ দিয়ে বিধানসভা ভোটের আগে রাজনীতির ময়দানে নেমে পড়লেন বঙ্কিমবাবু।
কিন্তু তাঁর এই বিজেপিতে যোগদান ভালোভাবে নিচ্ছেন না হুগলির বিজেপি কর্মীরা। তাঁদের বক্তব্য, গুড়াপে বঙ্কিম ওসি থাকাকালীন বিজেপি কর্মীরা অত্যাচারিত হয়েছিলেন। বিজেপির জেলা সাধারণ সম্পাদক সন্দীপ মুখোপাধ্যায়ের অভিযোগ, তাঁর বাড়িও ভাঙচুর হয়েছিল। ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্রের কথামতো ওসি বঙ্কিম বিজেপি কর্মীদের উপর নানা অত্যাচার করতেন।
চুঁচুড়ার বাসিন্দা বঙ্কিম বিশ্বাস বিধানসভায় বিজেপি টিকিটের দাবিদার বলেও বিজেপি সূত্রে খবর। এখন এই প্রাক্তন পুলিশ আধিকারিককে দলেরই কর্মীরা মেনে নেন কিনা তা অবশ্য সময়ই বলবে। বঙ্কিম বিশ্বাস নিজে অবশ্য এ বিষয়ে কিছু বলতে নারাজ। এই যোগদান সম্পর্কে ধনিয়াখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের মন্তব্য, "একুশের বিধানসভার আগেও চার্টার্ড বিমানে গিয়ে অনেকে বিজেপিতে যোগ দিয়েছিল। তৃণমূলের আসন আরও বেড়েছিল। কে বিজেপিতে যোগ দেবে না দেবে এটা নিয়ে তৃণমূল ভাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ভাবনায় ভোট হয়। আর ইনি ওসি ছিলেন, ভারতী ঘোষ তো এসপি ছিলেন তার কী হল!"