পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগকারী দাবি করেছেন, পদোন্নতির জন্য তাকে প্রভাবিত করতে গিয়ে বিভাস চন্দ্র ঘোষ চিঠি দেখিয়ে টাকা দাবি করেন।

বিভাস চন্দ্র ঘোষ
শেষ আপডেট: 14 October 2025 16:05
দ্য ওয়াল ব্যুরো: ফের রাজ্যে দুর্নীতির (Corruption) অভিযোগ, ফের কাঠগড়ায় তৃণমূল নেতা। এবার ঘটনাস্থল ঘাটাল (Ghatal) এবং সেই নেতাকে গ্রেফতারও (Arrest) করা হয়েছে। স্বাভাবিকভাবে এই ঘটনায় আবারও শোরগোল পশ্চিমবঙ্গে (West Bengal)।
পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিভাস চন্দ্র ঘোষকে (Bivash Chandra Ghosh) গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, তিনি ভুয়ো চিঠি দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৫ লক্ষ টাকা তোলেন। পাশাপাশি আরও অনেকের থেকে টাকা তোলার অভিযোগও উঠছে তাঁর বিরুদ্ধে।
সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে ওই চিঠি, যা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের (TMC) নামঙ্কিত প্যাডে (Pad) লেখা বলে দাবি করা হচ্ছে। দলের নেতারা জানিয়েছেন, চিঠিটি ভুয়ো। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisekh Banerjee) নাম ব্যবহার করে তিনি জালিয়াতি করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগকারী দাবি করেছেন, পদোন্নতির জন্য তাকে প্রভাবিত করতে গিয়ে বিভাস চন্দ্র ঘোষ চিঠি দেখিয়ে টাকা দাবি করেন। লিখিত অভিযোগের পরই পুলিশ তদন্তে নামে এবং রবিবার রাতে বিভাসকে গ্রেফতার করা হয়। ঘাটাল থানার এই ঘটনার তদন্ত চলছে এবং গ্রেফতারের পর পুলিশ আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।
বিষয়টি নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলছে, দলের নাম করে কেউ কোনও জালিয়াতি করার চেষ্টা করলে তাকে রেয়াত করা হবে না। জানা মাত্রই ব্যবস্থা নেওয়া হবে এবং এক্ষেত্রেও তাই হয়েছে। যদি কোনও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয় তাহলে কঠোর শাস্তি হবে। এদিকে জেলা তৃণমূল সভাপতির বক্তব্য, বিভাস ঘোষ হয়তো কোনও খারাপ চক্রের কবলে পড়েছিলেন। নকল চিঠি নিয়ে কয়েক মাস ঘুরলেও তাঁরা কিছুই জানতেন না।
স্বাভাবিকভাবে এই ঘটনায় তেড়েফুঁড়ে উঠেছে বিজেপি। গেরুয়া শিবিরের নেতা সজল ঘোষের কটাক্ষ, আবারও প্রমাণ হয়েছে যে তৃণমূল মানেই চোর। ঘাটালের বিজেপি বিধায়কের খোঁচা, সব দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা জেলে গেলেই তিনি খুশি হবেন।