সোমবার গভীর রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী মনোজিৎ সরকার (৪২)। সেইসময়েই পথে তাঁর গাড়ি আটকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। জানা গিয়েছে, দুটি গুলি মনোজিতের শরীরে লেগেছে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 22 July 2025 12:58
দ্য ওয়াল ব্যুরো: রাতের অন্ধকারে দুষ্কৃতীদের দৌরাত্ম্য মালদহে। সোমবার রাতে গাজোলে এক ব্যবসায়ীকে লক্ষ করে পরপর গুলি চালায় একদল দুষ্কৃতী (Shootout at Malda)। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ব্যবসায়ীর অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সোমবার গভীর রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী মনোজিৎ সরকার (৪২)। সেইসময়েই পথে তাঁর গাড়ি আটকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা (Shootout at Malda)। জানা গিয়েছে, দুটি গুলি মনোজিতের শরীরে লেগেছে। তার মধ্যে একটি তাঁর পিঠে লাগে। ব্যবসায়ীর গাড়িতেও গুলি চালানো হয়েছে খবর।
গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাঁকে গাজোল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে মালদহ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। এখনও অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে।
এই হামলার নেপথ্যে কারণ কী, তা এখনও স্পষ্ট নয়। পরিবারের তরফেও কোনও সন্দেহভাজনের নাম জানানো হয়নি। তবে পুলিশ সূত্রে খবর, মনোজিৎ সরকার নিজের ব্যবসার পাশাপাশি জুয়ার কারবারের সঙ্গেও যুক্ত ছিলেন। সেই কারণেই ব্যক্তিগত শত্রুতা অথবা টাকার লেনদেনের জেরে এই হামলা হতে পারে বলে অনুমান করছে পুলিশ।
এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের কথায়, এর আগে এই ধরনের ঘটনা এলাকায় কখনও হয়নি। অন্যদিকে, পুলিশ তদন্তে নেমে দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে এই গুলি চালানোর ঘটনা, ব্যবসায়ীক প্রতিদ্বন্দ্বিতা নাকি নেপথ্যে রয়েছে অন্য কারণ, তাও খতিয়ে দেখা হবে।