হুগলির ধনেখালি থেকে মা ও মামার সঙ্গে বেড়াতে এসেছিলেন বছর ২৬ এর স্বপন মালিক। সোমবার বিকেলে ওল্ড দিঘা সি-হক গোলার ঘাটে স্নান করতে নেমেছিলেন মামা-ভাগ্নে।

দিঘার সমুদ্রে তলিয়ে গেলেন যুবক
শেষ আপডেট: 22 July 2025 11:41
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: দিঘার সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক। সোমবার বিকেলে এই দুর্ঘটনার পর এখনও খোঁজ মেলেনি ওই যুবকের।
স্থানীয় সূত্রে জানা গেছে, হুগলির ধনেখালি থেকে মা ও মামার সঙ্গে বেড়াতে এসেছিলেন বছর ২৬ এর স্বপন মালিক। সোমবার বিকেলে ওল্ড দিঘা সি-হক গোলার ঘাটে স্নান করতে নেমেছিলেন মামা-ভাগ্নে। সমুদ্র উত্তাল থাকায় কর্তব্যরত নুলিয়ারা তাঁদের বাধা দেন। কিন্তু সেই বাধা উপেক্ষা করেই গভীর সমুদ্রে চলে যান পরে মামা এবং ভাগ্নে। পরে দুজনেই তলিয়ে যান।
বিষয়টি আন্দাজ করে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন নুলিয়ারা। কিন্তু মামাকে কোনওমতে উদ্ধার করা গেলেও ভাগ্নে স্বপন মালিককে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ পর্যটকের খোঁজে তল্লাশি চালাচ্ছে দিঘা মোহনা কোস্টাল থানার পুলিশ। ডুবুরি নামিয়ে চলছে অনুসন্ধান।
২১শে জুলাই ধর্মতলার সভা সেরে অনেকেই ভিড় জমিয়েছেন সৈকত নগরীতে। তাই সপ্তাহের শুরুতেও থইথই ভিড় দিঘায়। সমুদ্রে অঘটন এড়াতে প্রশাসন সজাগ থাকলেও দুর্ঘটনা রোখা গেল না।