পুজোর ভোগ রান্না করতে গিয়ে হাওড়ার বেলিলিয়াস রোডে দাউদাউ আগুনে ভস্মীভূত হল তিনটি বাড়ি। ঘটনায় একাধিক ব্যক্তি আহত, দ্রুত দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

হাওড়ায় আগুন
শেষ আপডেট: 13 February 2026 23:42
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সন্ধেয় হাওড়া (Howrah) শহরে ফের ভয়াবহ আগুন। বেলিলিয়াস রোডে (Belilious Road) পাশাপাশি থাকা কয়েকটি টালির চালা বাড়ি মুহূর্তে ভস্মীভূত হয়ে যায়। ঘটনায় তিনজন আহত, যার মধ্যে একজনকে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে (Howrah District Hospital)।
স্থানীয় সূত্রের খবর, দিনদুয়েক আগেই ওই বাড়িতে হয়েছিল বিয়ের অনুষ্ঠান (Wedding Ceremony)। শুক্রবার ছিল সত্যনারায়ণ পুজো (Satyanarayan Puja)। পুজো শেষে বাড়ির লোকেরা যখন কাজ সমেত ঘরদোর গুছিয়ে নিচ্ছিলেন, ঠিক সেই সময় হঠাৎই বেরোয় আগুনের লেলিহান শিখা। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন, চিৎকারে ছুটে আসে আশপাশের লোকজন।
খবর পেয়ে দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের তীব্রতায় সম্পূর্ণ ভস্মীভূত হয় ৩টি বাড়ি। জখম তিনজনের মধ্যে দু’জন প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে। একজনের অবস্থা তুলনায় একটু গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি নিয়েছেন চিকিৎসকরা।
প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, গ্যাস সিলিন্ডার (Gas Cylinder) থেকে লিক হওয়া গ্যাসের জেরে এই বিপত্তি। পুজোর জন্য রান্নাবান্না চলছিল, সেই সময়ই সিলিন্ডার থেকে গ্যাস বেরোতে থাকে। কোনওভাবে আগুন লেগে মুহূর্তে বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ে।
ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বহু পরিবারের মাথার উপরের ছাদই উধাও। ক্ষয়ক্ষতির হিসেব এখনও সম্পূর্ণ জানা না গেলেও লক্ষাধিক টাকার সম্পত্তি নষ্ট হয়েছে বলে দাবি স্থানীয়দের। দমকল ও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এদিন বিকেলে সল্টলেকের একটি বহুতলে আগুন লেগেছিল। অফিস টাইমে এমন ঘটনায় সেখানেও রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, কেউ আহত হননি। পরিস্থিতি দমকলের চেষ্টায় দ্রুত নিয়ন্ত্রণে আসে।