ব্যস্ত অফিস টাইমে সল্টলেক সেক্টর ফাইভের (Saltlake Sector V Fire Incident) বহুতলে আগুন। শুক্রবার দুপুরে হঠাৎ ধোঁয়ায় ঢেকে যায় গ্লোবসিন ক্রিস্টাল বিল্ডিং।

কলকাতায় অগ্নিকাণ্ড
শেষ আপডেট: 13 February 2026 18:28
দ্য ওয়াল ব্যুরো: ব্যস্ত অফিস টাইমে সল্টলেক সেক্টর ফাইভের (Saltlake Sector V Fire Incident) বহুতলে আগুন। শুক্রবার দুপুরে হঠাৎ ধোঁয়ায় ঢেকে যায় গ্লোবসিন ক্রিস্টাল বিল্ডিং। নামী বহুজাতিক সংস্থার অফিস, কয়েকটি রেস্তরাঁ-সহ একাধিক প্রতিষ্ঠান থাকা এই বহুতলে হঠাৎ আগুন লাগতেই ছড়ায় আতঙ্ক। দ্রুত কর্মীদের বাইরে বের করে আনা হয়, ইতিমধ্যেই পুরো ভবন খালি করা হয়েছে।
ধোঁয়ার কারণে এক অসুস্থ হয়ে পড়েন একাধিক। তাঁদের মধ্যে এক মহিলার অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় দমকলের তিনটি ইঞ্জিন। শুরু হয় আগুন নিয়ন্ত্রণের কাজ।
এদিন সাড়ে তিনটে নাগাদ আচমকাই বিল্ডিংয়ের উপরতোলা ফাঁকা করার নির্দেশ আসে (Saltlake Sector V Fire Incident) । কর্মীরা তড়িঘড়ি নীচে নেমে এলে দেখেন সেখান থেকে কালো ধোঁয়ায় বের হচ্ছে। চারিদিক মুহূর্তে ধোঁয়ায় ঢেকে যায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই বহুতলের একটি রেস্তরাঁ থেকেই আগুন ছড়ায়। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। দমকলকর্মীরা রেস্তরাঁর ভিতর-সহ পুরো ভবন খতিয়ে দেখছেন।
পাশাপাশি অগ্নি নির্বাপণ ব্যবস্থায় কোনও ত্রুটি ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। বিধাননগর কমিশনারেটের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে যায়।
গত মাসে আনন্দপুরের (Anandapur Fire Incident) নাজিরাবাদে ওয়াও মোমোর গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ জনের মৃত্যু হয়েছিল। ডিএনএ পরীক্ষার মাধ্যমে বহু দেহ শনাক্ত করা হয়েছিল। এদিনের অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্ক তৈরি হয়েছে কর্মীদের মধ্যে।
তাঁদের একজন বলেন, "আমাদের অফিস থেকে হঠাৎ বলল বাইরে বেরিয়ে যেতে। নেমে এসে দেখি উপরের রেস্তরাঁয় আগুন লেগেছে।” দমকল পৌঁছে সঙ্গে সঙ্গে বিল্ডিংটি সম্পূর্ণ খালি করে দেয়। আগুন নিয়ন্ত্রণে এলেও রেস্তরাঁয় কোনও গাফিলতি ছিল কি না, সেটি নিয়েও তদন্ত চলছে।
এদিকে আগুনের খবর ছড়াতেই আশপাশের বাসিন্দা ও কর্মীরা রাস্তায় ভিড় করেন। ব্যস্ত সময়ে সেক্টর ফাইভে শোরগোল পড়ে যায়। দমকলের বহুক্ষণের প্রচেষ্টায় আগুন শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আসে। অফিসপাড়া হওয়ায় এ ধরনের অগ্নিকাণ্ডে আরও কড়া নজরদারির দাবি তুলছেন কর্মীরা।