মহেশতলার বন্ধ ঘর থেকে উদ্ধার বাবা ও নাবালক ছেলের ঝুলন্ত দেহ। খুন না আত্মহত্যা, তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনাস্থলের ছবি
শেষ আপডেট: 31 December 2025 12:35
দ্য ওয়াল ব্যুরো: মহেশতলায় (Maheshtala) বন্ধ ঘর থেকে উদ্ধার হল এক ব্যক্তি ও তাঁর নাবালক ছেলের ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার সকালে মহেশতলা থানার (Maheshtala Police Station) ৩০ নম্বর ওয়ার্ডের মধ্য পাড়ায় ঘটনাটি হয়।
মৃত বাপ্পা নস্কর (Bappa Naskar) পেশায় একজন গাড়ি চালক (Driver)। কাজের সূত্রে তাঁকে প্রায়ই বাড়ির বাইরে থাকতে হত বলে জানাচ্ছেন প্রতিবেশীরা। স্ত্রী ও ছেলে রূপম (Rupam Naskar) ওই বাড়িতে থাকতেন। তবে কয়েক মাস ধরে পারিবারিক অশান্তি চলছিল। পরিবারের অভিযোগ, স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি জানার পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে নিয়মিত অশান্তি শুরু হয়।
এই পরিস্থিতিতে বাপ্পার স্ত্রী সন্তানকে ছেড়ে খড়দা (Khardah) এলাকায় নিজের বাপের বাড়িতে চলে যান কয়েক মাস আগে। বুধবার সকালে মধ্য পাড়ার ওই বাড়ির দুটি ঘর দীর্ঘক্ষণ বন্ধ দেখে স্থানীয়দের সন্দেহ হয়। খবর দেওয়া হয় মহেশতলা থানায়। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকতেই দুটি আলাদা ঘরে বাবা ও নাবালক ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান।
তড়িঘড়ি দু’জনকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে (Vidyasagar Hospital) পাঠানো হলে চিকিৎসকেরা বাবা ও ছেলেকে মৃত বলে ঘোষণা করেন।
বাপ্পার পরিবারের তরফে গুরুতর অভিযোগ তোলা হয়েছে। তাঁদের দাবি, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই চরম পরিণতি। আর ওই নাবালককে খুন করেছে তার মা-ই। পরে আত্মঘাতী হয়েছেন ব্যক্তি। যদিও ঘটনাস্থলে মহিলাকে পাওয়া যায়নি এবং তাঁর ভূমিকা কী, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। আত্মহত্যা বা খুন, দুই দিকই খতিয়ে দেখছেন তাঁরা। মৃতদেহের ময়নাতদন্ত (Post-mortem) হচ্ছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।