বুথ লেভেল এজেন্ট নিয়োগের নিয়মে বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন
শেষ আপডেট: 11 November 2025 23:21
দ্য ওয়াল ব্যুরো: বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের ক্ষেত্রে পরিবর্তন আনল ভারতের নির্বাচন কমিশন। বুধবার কমিশনের পক্ষ থেকে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচন আধিকারিকদের উদ্দেশে এই নির্দেশিকা পাঠানো হয়েছে।
কমিশনের নির্দেশিকায় জানানো হয়েছে, ২০২৩ সালের ৯ অগস্টের ইন্সট্রাকশন নম্বর 23/BLA/2023-ERS অনুযায়ী যে নিয়মে বুথ লেভেল এজেন্ট নিয়োগ করা হত, তার ধারা ৩(iv)-তে সংশোধন আনা হয়েছে।
নতুন নিয়মে বলা হয়েছে, “প্রত্যেক অংশের (Part) নির্বাচনী তালিকার জন্য একজন বুথ লেভেল এজেন্ট নিয়োগ করা যাবে। ওই এজেন্টকে অবশ্যই সংশ্লিষ্ট অংশের ভোটার হতে হবে। তবে যদি সেই অংশে কোনও উপযুক্ত ভোটার না পাওয়া যায়, তাহলে একই বিধানসভা এলাকার অন্য অংশের যে কোনও ভোটারকেও বুথ লেভেল এজেন্ট হিসেবে নিয়োগ করা যাবে।”
কমিশন আরও জানিয়েছে, বুথ লেভেল এজেন্টের দায়িত্ব হবে ভোটার তালিকার এন্ট্রি ভালভাবে যাচাই করা এবং যেসব ভোটার মারা গেছেন বা এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়েছেন, তাদের নাম চিহ্নিত করা।
একইসঙ্গে, Manual on Electoral Rolls 2023-এর ধারা 25.2.1(iii) সংশোধিত হয়েছে বলে কমিশন জানিয়েছে। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচন আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, এই পরিবর্তনের বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও রাজনৈতিক দলগুলিকে জানাতে হবে।
এ নিয়ে ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, 'আমি নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। এই নিয়ম পরিবর্তনের ফলে সকল রাজনৈতিক দল উপকৃত হবে। এমনকি এতে ত্রুটি মুক্ত ভোটার তালিকা তৈরি করা সম্ভব হবে।'
যদিও এর পাল্টা তৃণমূল বলেছে, 'আমরা তো আগেই বলেছিলাম নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির 'সেটিং' আছে। এবার যখন এই নিয়মে পরিবর্তন এল, তখন আরও বেশি করে সেটা প্রমাণ হয়ে গেল। আসলে বিজেপি সমস্ত বুথে এজেন্ট দিতে পারছে না। তাই নির্বাচন কমিশন বুথ লেভেল এজেন্ট নিয়োগের নিয়মে পরিবর্তন এনেছে। এর ফলে বিজেপি অন্য জায়গা থেকে এজেন্ট নিয়োগ করার সুবিধা পাবে।"