লালবাজার থেকে ইতিমধ্যেই সমস্ত থানায় এবং রাজ্যের প্রতিটি জেলায় অ্যালার্ট জারি করা হয়েছে।

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 11 November 2025 20:48
দ্য ওয়াল ব্যুরো: সোমবার সন্ধ্যা সাতটার কিছু আগে লালকেল্লা মেট্রোর ১ নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণ (Delhi Blust)। মুহূর্তে আতঙ্ক ছড়ায় রাজধানীজুড়ে। বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়তেই সতর্কতা জারি গোটা দেশে। দিল্লির ঘটনার পরই কলকাতা (Kolkata) সহ দেশের সমস্ত বড় শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে (Security tightened )।
সোমবার সন্ধ্যা থেকেই শহরের বিভিন্ন মেট্রো স্টেশন, রেলস্টেশন ও জনবহুল এলাকায় শুরু হয় তল্লাশি অভিযান। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে নাকা চেকিং, টহলদারি ও সন্দেহজনক বস্তু উদ্ধারে সক্রিয় পুলিশ।
এর মধ্যেই আগামী ১৪ নভেম্বর থেকে ইডেনে শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচ (Eden Test)। ভারতীয় দল ইতিমধ্যেই কলকাতায় পা রেখেছে। শহরে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকার শিবিরও। সেই প্রেক্ষিতে ইডেন ও সংলগ্ন এলাকার নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসেছে লালবাজার।
সোমবারের পর মঙ্গলবারও ইডেনের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Police Commissioner)। তিনি জানান, “দিল্লির ঘটনার পর কলকাতায় সর্বত্র যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইডেন টেস্ট নিয়েও পূর্ণ প্রস্তুতি রয়েছে, কোনও অসুবিধা হবে না।”
পুলিশ সূত্রের খবর, ইডেনের নিরাপত্তা ব্যবস্থা এবার প্রায় ত্রিস্তরীয় বলয়ে মোড়া থাকবে। স্টেডিয়াম চত্বরের বাইরে থাকবে প্রথম বলয়। গেট থেকে গ্যালারি পর্যন্ত দ্বিতীয় বলয়। দর্শকাসনে থাকবে তৃতীয় নিরাপত্তা বলয়।
প্রতিটি দর্শককে দু’বার মেটাল স্ক্যানের মধ্য দিয়ে প্রবেশ করতে হবে। দর্শকাসনে মোতায়েন থাকবে সাদা পোশাকের পুলিশ। কোনও সন্দেহজনক বস্তু নিয়ে ভিতরে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
ইডেনের বাইরে শুধু নয়, মেট্রো সংলগ্ন অঞ্চল ও শহরের প্রবেশ ও বেরোনোর পথেও নজরদারি বাড়ানো হয়েছে। সূত্রের খবর, লালবাজার থেকে ইতিমধ্যেই সমস্ত থানায় এবং রাজ্যের প্রতিটি জেলায় অ্যালার্ট জারি করা হয়েছে।