সূত্রের খবর, সাড়ে তিনশো কোটি টাকারও বেশি বিদেশে পাচার হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 8 October 2025 16:24
দ্য ওয়াল ব্যুরো: গ্রহরত্ন আমদানি ও রফতানির আড়ালে বিদেশে কোটি কোটি টাকার হাওলা! এমনই গুরুতর আর্থিক তছরুপের অভিযোগে বুধবার সকালেই সল্টলেকের (Salt Lake) এক নামী গ্রহরত্ন বিক্রেতা এজেন্টের (Graharatna business) বাড়িতে হানা দিল ইডি (ED)।
সূত্রের খবর, সাড়ে তিনশো কোটি টাকারও বেশি বিদেশে পাচার হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।
ইডি সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই নজরে এসেছিল গ্রহরত্ন আমদানি-রফতানির নাম করে বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচারের বিষয়টি। তদন্তে নেমে একাধিক তথ্য হাতে আসে কেন্দ্রীয় সংস্থার। এরপরই বুধবার সকালবেলা ইডির একটি দল, সিআইএসএফ জওয়ানদের সঙ্গে নিয়ে পৌঁছে যায় সল্টলেকের একটি অভিজাত আবাসনে। ওই আবাসনেই থাকে অভিযুক্ত এজেন্ট।
তল্লাশি চলে দীর্ঘক্ষণ। বাজেয়াপ্ত হয়েছে বেশ কিছু নথিপত্র ও ইলেকট্রনিক ডিভাইস। ইডি সূত্রে খবর, আর্থিক লেনদেনের খতিয়ান খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহ, আমদানি-রফতানির আড়ালে এই বিপুল পরিমাণ টাকা পাচার হয়েছে দেশের বাইরে। কাদের সঙ্গে যোগাযোগ রেখে এই চক্র চালানো হচ্ছিল, তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
তদন্ত চলছে শুধু সল্টলেকেই নয়, রাজ্যের বাইরেও একাধিক জায়গায়। গ্রহরত্ন ব্যবসার আড়ালে এমন তছরুপে হতবাক এলাকার বাসিন্দারা। তবে এই ঘটনার পেছনে আর কে কে জড়িত, সে বিষয়েও খোঁজখবর শুরু করেছে ইডি। এখন দেখার, এই 'রহস্যময় রত্ন' কাণ্ডে আর কারা কারা ধরা পড়ে তদন্তের জালে!