চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাঁর দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেড় কোটি টাকা মিলেছে।

চন্দ্রনাথ সিনহা
শেষ আপডেট: 8 August 2025 12:56
দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক শিক্ষক নিয়োগ (Primary Recruitment Scam) মামলার তদন্তে এবার রাজ্যের অন্য এক মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট (Chargesheet) দিল ইডি (ED)। চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha) বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাঁর দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেড় কোটি টাকা মিলেছে। এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি নিয়ে বিশদ তথ্য দিতে পারেননি মন্ত্রী।
নিয়োগ মামলায় অনেক আগে থেকেই ইডির নজরে ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তাঁর বাড়িতে একাধিকবার তল্লাশি অভিযানও (Search Operation) চালানো হয়েছিল। এই অভিযানের জেরে মন্ত্রীর বাড়ি থেকে ৪০ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। ইডি সূত্রে খবর, সেই টাকারও কোনও হিসেব দিতে পারেননি তিনি। এদিকে তাঁর অ্যাকাউন্টের দেড় কোটি টাকা সম্পর্কে কেন্দ্রীয় সংস্থার অনুমান, ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে এই টাকা জমা পড়েছিল।
ইডি চার্জশিট দেওয়ার পর রাজ্যের কারামন্ত্রীর বিরুদ্ধে তদন্তের অনুমতি দিয়েছেন রাজ্যপাল। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। প্রসঙ্গত, বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক লেনদেনের সূত্র ধরেই তদন্তে উঠে আসে বীরভূমের বোলপুর কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিংহের নাম।
এর আগে দুবার তাঁকে তলব করা হলেও তিনি তাতে সাড়া দেননি। তবে বৃহস্পতিবার তিনি ইডির দফতরে উপস্থিত হলেও, তার আগেই তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে আদালতে। যদিও সংবাদমাধ্যমে মন্ত্রী জানিয়েছেন, চার্জশিটের বিষয়ে তিনি এখনও কিছু জানেন না। জানলে বিশদে বলতে পারবেন।