ট্রেনের ইঞ্জিনের ভিতরে কোনও কিছু একটা পড়ে যায়। সেটাকে তুলতে গিয়েই বিপত্তি ঘটে, আটকে যায় ওই রেল কর্মীর হাত।

মেমারি স্টেশনে আটকে ট্রেন
শেষ আপডেট: 8 August 2025 12:30
দ্য ওয়াল ব্য়ুরো, পূর্ব বর্ধমান: ট্রেনের ইঞ্জিনের ভিতরে ঢুকে গেল রেল কর্মীর হাত। দীর্ঘক্ষণ স্টেশনে দাঁড়িয়ে রইল ডাউন বর্ধমান হাওড়া লোকাল। শুক্রবার সাত সকালে বর্ধমান-হাওড়া মেন শাখার মেমারি স্টেশনের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘন্টা দুয়েক ডাউন বর্ধমান হাওড়া লোকাল আটকে থাকে মেমারি স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মে।
বিপত্তি ঘটে মেমারি স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢোকার সময়। জানা গেছে, বর্ধমান থেকে একজন রেলকর্মী মেমারি যাচ্ছিলেন ওই ট্রেনে। তিনি ট্রেনের ইঞ্জিনেই ছিলেন। রেলের মেকানিক্যাল কর্মী তিনি। ট্রেনের ইঞ্জিনের ভিতরে কোনও কিছু একটা পড়ে যায়। সেটাকে তুলতে গিয়েই বিপত্তি ঘটে, আটকে যায় ওই রেল কর্মীর হাত। প্রায় এক ঘণ্টা ইঞ্জিনের ভিতর তাঁর হাত আটকে থাকে। ঘটনার জেরে প্রায় দু'ঘণ্টা দাঁড়িয়ে থাকে ডাউন ট্রেনটি। ট্রেনের যাত্রীদের অন্য ট্রেনে পাঠানোর ব্যবস্থা করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ট্রেনের অন্যান্য কর্মীরা। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ওই রেল কর্মীর হাত ছাড়ানো সম্ভব হয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয় মেমারি স্টেশন চত্বরে। প্রায় দু-ঘণ্টা পরে ট্রেনটি আবার হাওড়ার দিকে রওনা দেয়। যদিও পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত বলেন, টেকনিক্যাল কারণে ডাউন বর্ধমান-হাওড়া লোকাল ট্রেনটি মেমারি স্টেশনে দেড় ঘণ্টা আটকে ছিল। সমস্যা মিটে গেলে ট্রেনটি গন্তব্যের দিকে রওনা দেয়।