শনিবার দিল্লির নির্বাচন সদন থেকে রাজ্যের মুখ্যসচিবের উদ্দেশে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জ্ঞানেশ কুমার, নন্দিনী চক্রবর্তী ও জগদীশ প্রসাদ মিনা।
শেষ আপডেট: 16 March 2026 00:47
দ্য ওয়াল ব্যুরো: রবিবার বিকেলে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের (West Bengal Election 2026) দিনক্ষণ ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার পর রাত পোহানোর আগেই রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব পদ থেকে বর্তমান দুই আমলা নন্দিনী চক্রবর্তী ও জগদীশ প্রসাদ মিনাকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, আইএএস অফিসার দুষ্যন্ত নারিয়ালাকে (১৯৯৩ ব্যাচ) পশ্চিমবঙ্গ সরকারের নতুন মুখ্যসচিব হিসেবে নিয়োগ করার কথা বলা হয়েছে। পাশাপাশি আইএএস অফিসার সঙ্গমিত্রা ঘোষকে (১৯৯৭ ব্যাচ) প্রিন্সিপাল সেক্রেটারি, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স পদে বসানোর নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার দিল্লির নির্বাচন সদন থেকে রাজ্যের মুখ্যসচিবের উদ্দেশে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশে স্পষ্ট করে বলা হয়েছে, এই বদলি অবিলম্বে কার্যকর করতে হবে এবং সংশ্লিষ্ট অফিসাররা দায়িত্ব গ্রহণ করেছেন কি না তার রিপোর্ট ১৬ মার্চ অর্থাৎ সোমবার বিকেল ৩টার মধ্যে কমিশনকে জানাতে হবে।
এছাড়াও কমিশন জানিয়েছে, যেসব কর্মকর্তাকে বর্তমান দায়িত্ব থেকে সরানো হচ্ছে, তাঁদের নির্বাচন সংক্রান্ত কোনও পদে ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নিয়োগ করা যাবে না।
রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করতেই নির্বাচন কমিশন এই পদক্ষেপ নিয়েছে। এর ফলে ভোটের আগে রাজ্যের প্রশাসনিক কাঠামোয় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।